টসের সময় শাহীন শাহ আফ্রিদি জানিয়েছিলেন, তারা ২৭০-২৮০ রান করতে চান। সেই লক্ষ্যে পাকিস্তানের শুরুটা ছিল প্রত্যাশিত। অভিষিক্ত ফারহান ও সাদাকাত মিলে সাবধানী ব্যাটিংয়ে পাকিস্তানকে টেনেছেন। তবে পাওয়ার প্লের শেষ ওভারে প্রথমবার বোলিংয়ে এসেই প্রতিপক্ষের শিবিরে আঘাত হানেন নাহিদ। নিজের প্রথম পাঁচ ওভারে নিয়েছেন পাঁচটি উইকেট।
ফারহান, সাদাকাত, শামিল হুসাইন, রিজওয়ান ও সালমানকে ফিরিয়ে ওয়ানডেতে ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট তুলে নেন নাহিদ। ডানহাতি পেসারের সঙ্গে মেহেদী হাসান মিরাজ নিয়েছেন তিনটি উইকেট। মাত্র ১১৪ রানে গুটিয়ে গেলেও উইকেটের দায় দেখছেন না হেসন। পাকিস্তানের প্রধান কোচ মনে করেন, উইকেট ভালো ছিল। পাশাপাশি এও জানিয়েছেন, নাহিদ বোলিংয়ে এসেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন।
সংবাদ সম্মেলনে হেসন বলেন, ‘দেখুন— আমার মনে হয় উইকেট ঠিকই ছিল, বেশ ভালো আচরণ করেছে। আমার মনে হয় নাহিদ রানা দুর্দান্ত ছিল। সে বোলিংয়ে আসার আগ পর্যন্ত আমরা বেশ ভালোভাবেই এগোচ্ছিলাম। কিন্তু সে এসেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। সে ভালোভাবেই উইকেটে হিট করেছে, বৈচিত্র্য দেখিয়েছে এবং বাউন্সও আদায় করে নিয়েছে। আপনি যখন এমন গতিতে বোলিং করবেন তখন এটা সম্ভব। যেভাবে খেলা প্রয়োজন ছিল আমরা সেভাবে খেলতে পারিনি। তাকে পুরোপুরি কৃতিত্ব দিতে হবে।’
দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় করে হেসন আরও বলেন, ‘আমরা পরের ম্যাচে ভালো করতে মুখিয়ে আছি। আমার মনে হয় আজকের পারফরম্যান্স নিয়ে কিছুটা বিশ্লেষণ করার সুযোগ আছে। আমার মনে হয় না আমরা এটাকে খুবই হালকাভাবে নিব যে আমরা খারাপ খেলেছি। ব্যাটিংয়ে আমরা একেবারে এক্সপোজ হয়ে গেছি। শুরুতে আমি যেমনটা বললাম, শুধু তরুণ হওয়ার কারণে এটা হয়নি। আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে এবং ব্যাটিং ভালো পারফরম্যান্স করতে হবে। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে আমরা সেটাই করার চেষ্টা করব।’
বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে পাকিস্তানের জার্সিতে অভিষেক হয়েছে ফারহান, সাদাকাত, শামিল ও আব্দুল সামাদের। তাদের কেউই সুবিধা করে উঠতে পারেননি। বাংলাদেশ সফরে রাখা হয়নি বাবর আজমের মতো অভিজ্ঞ ব্যাটারকে। চোটের কারণে বাংলাদেশে আসেননি ফখর জামানও। স্বাভাবিকভাবেই অভিজ্ঞতায় বেশ তরুণ দল নিয়ে খেলতে এসেছেন সফরকারীরা। যদিও হেসন এসব অজুহাত দিতে চান না।
হেসন বলেন, ‘দেখুন— তরুণদেরকে তো শিখতেই হবে। পাশাপাশি তাদেরকে শেখার ও বেড়ে ওঠার সুযোগ দিতে হবে। আমরাও চাই তারা মাঠে নামুক এবং অভিষেকেই সেঞ্চুরি করুক। কিন্তু বাস্তবতা কিছুটা ভিন্ন, কঠিন চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়। আগামী কয়েকদিন আমাদের মানসিক দৃঢ়তা দেখাতে হবে এবং পরের ম্যাচে ভালোভাবে লড়াই করতে হবে।’
ব্যাটিং পারফরম্যান্স নিয়ে পাকিস্তানের প্রধান কোচ বলেন, ‘দেখুন— এর (পারফরম্যান্সে কতটা হতাশ) উত্তরটা দেওয়া খুবই সহজ। ব্যাটিং পারফরম্যান্স নিয়ে আমি খুবই হতাশ। আমার মনে হয় না এটা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ আছে। এটা শুধু তরুণ বলে হয়েছে এমনটা নয়। ভালো বোলিংয়ের সামনে আমরা পুরোপুরি এক্সপোজ হয়েছি। আমরা খানিকটা নিজেদের গুটিয়ে নিয়েছিলাম। দ্রুতই আমাদের এখান থেকে ঘুরে দাঁড়াতে হবে।’
পাকিস্তানের ব্যাটিং ধসের অন্যতম কারিগর নাহিদ ৭ ওভারে মাত্র ২৪ রান খরচায় নেন ৫ উইকেট। বিপিএলের গত আসরের সময় ডানহাতি পেসারকে প্রশংসায় ভাসিয়েছিলেন ওয়াকার ইউনুস। টিভিতে দেখলেও এবারই প্রথম নাহিদকে সরাসরি বোলিং করতে দেখলেন হেসন। ডানহাতি পেসারের প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানের প্রধান কোচ। পাশাপাশি নাহিদকে খুবই সম্ভাবনাময়ী পেসার হিসেবে আখ্যা দিয়েছেন তিনি।
হেসন বলেন, ‘আমি এবারই প্রথম তাকে (নাহিদ) সরাসরি বোলিং করতে দেখলাম। টিভিতে আমি অনেকবারই তাকে বোলিং করতে দেখেছি। আমার মনে হয় ওয়ার্ম আপেও সে দারুণ বোলিং করেছে। দেখে মনে হচ্ছিল, তার টাইমিং খুব ভালো হচ্ছে। সে পিচে জোরে হিট করেছে। সিম পজিশন ভালো ছিল, আবার ক্রস সিমেও বল করেছে। আমার মনে হয় সে খুবই সম্ভাবনাময়ী একজন বোলার। আজকে ওয়ানডেতে ৫ উইকেট পেয়েছে, দারুণ ব্যাপার। সে যে স্বীকৃতি পাচ্ছে সে সেটার যোগ্য।’