জাতীয় দলের ক্রিকেটারের পাশাপাশি সাকিবের নতুন পরিচয় আওয়ামী লীগ সরকারের একজন সংসদ সদস্য। নির্বাচিত হওয়ার পর থেকে বেশিরভাগ সময়ই দেশের বাইরে থাকতে হয়েছে তাকে। ২০২৪ সালের জুলাই-আগষ্টে বাংলাদেশে যখন গণঅভ্যুত্থান হয়েছে তখন কানাডায় লিগ খেলছিলেন সাকিব। যদিও নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য হওয়ায় তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছে। পোশাককর্মী মো. রুবেল হত্যা মামলায় আদাবর থানায় সাকিবকে ২৮ নম্বর আসামী করা হয়েছে।
এ ছাড়া শেয়ারবাজারে কারসাজির মাধ্যমে ২৫৬ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে সাকিবের নামে মামলা হয়েছে। এসব ঘটনার পর থেকেই দেশে ফিরতে পারছেন না তিনি। দেড় বছরের বেশি সময় ধরে বাংলাদেশের বাইরে অবস্থান করছেন তারকা অলরাউন্ডার। একটা সময় সাকিবের প্রশ্নে এড়িয়ে যেতেন বিসিবি পরিচালকরা। তবে মাসখানেক আগে হুট করেই সাকিবকে জাতীয় দলে ফেরানোর পদক্ষেপ নেয় বিসিবি।
যার অংশ হিসেবে মন্ত্রণালয়ে সাকিবের মামলার ফাইলও জমা দিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তবে এখনই ফেরানো হচ্ছে না সাকিবের। কয়েক মাসের মধ্যে জাতীয় দলে ফিরলে ২০২৭ বিশ্বকাপের ভাবনাতেও থাকবেন তিনি। সেই বিশ্বকাপে সাকিবকে দেখতে চান সোহেলও। মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ টাইগার্সের প্রধান কোচ। সোহেল এও মনে করিয়ে দিয়েছেন, সমস্যা মিটে গেলে সাকিব তাদের প্রথম পছন্দ।
সাকিবকে ২০২৭ বিশ্বকাপে দেখলে অবাক হবেন কিনা এমন প্রশ্নের জবাবে সোহেল বলেন, ‘অবাক হবো কীসের জন্য? যদি যেসব ক্রাইসিস বা সমস্যাগুলো আছে এগুলো যদি না থাকে তাহলে সাকিব আমাদের জন্য সবসময়ই ভালো চয়েজ। সে দলে খেলবে এটা অবাক হওয়ার (না)...। তাঁর কোয়ালিটি বা খেলার (সামর্থ্য) নিয়ে তো আমাদের কারও কোনো প্রশ্ন নেই। এটা তো স্বাভাবিক ব্যাপার।
পাকিস্তান সিরিজ দিয়ে সাকিবকে ফেরানোর চেষ্টা করলেও সেটা শেষ পর্যন্ত হচ্ছে না। পাকিস্তানের পর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। মামলার নিষ্পত্তি করা গেলে সেই সিরিজে দেখাও যেতে পারে তাকে। তবে জানা গেছে, ফেরার জন্য তাড়াহুড়ো করতে চান না সাকিব। বরং পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেই দেশে ফিরবেন তিনি। আসিফ আকবর জানিয়েছেন, তাকে ফেরাতে ক্রীড়া মন্ত্রণায়ল ও বিসিবি একসঙ্গে কাজ করছে।
কক্সবাজারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিসিবির বয়স ভিত্তিক টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান বলেন, ‘সাকিবের যে আইনগত বিষয়গুলো নিয়ে জটিলতা তৈরি হয়েছিল, সেগুলো সমাধানে মন্ত্রণালয় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি একসঙ্গে কাজ করছে। আমরা আশাবাদী, খুব দ্রুতই তাকে আবার মাঠে দেখা যাবে।’