পাকিস্তানের ক্রিকেটারদের জরিমানার কথা শুনে হাসি পাচ্ছে খাওয়াজার

টি-টোয়েন্টি বিশ্বকাপ
পাকিস্তান, ফাইল ফটো
পাকিস্তান, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বিশ্বকাপে সেমিফাইনালে উঠতে ব্যর্থ হওয়ার পর পাকিস্তান দলে শাস্তি নিয়ে আলোচনা তুঙ্গে। দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমে খবর এসেছে, দলের প্রত্যেক সদস্যকে ৫০ লাখ রুপি করে জরিমানা করা হয়েছে। যদিও বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

খবরের সত্যতা নিশ্চিত না হলেও বিতর্ক থামছে না। পুরো দলকে একযোগে এমন জরিমানার নজির বিরল। বিশ্বকাপে ব্যক্তিগত পারফরম্যান্সে কেউ কেউ উজ্জ্বল ছিলেন, সাহিবজাদা ফারহান রান ও সেঞ্চুরির রেকর্ড গড়েছেন।

আরও দু-একজন ভালো খেলেছেন। দলীয় ব্যর্থতার দায়ে সবার ওপর সমান শাস্তি আরোপ কতটা যৌক্তিক, তা নিয়েও প্রশ্ন উঠছে। এবার এ নিয়ে নিজের মন্তব্য প্রকাশ করেছেন উসমান খাওয়াজা।

পাকিস্তানের ক্রিকেটারদের এমন অবস্থা নিয়ে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, 'আমি মাত্রই শুনলাম টি-টোয়েন্টি বিশ্বকাপে খারাপ পারফরম্যান্স করার জন্যে পাকিস্তানের ক্রিকেটারদের বোর্ড জরিমানা করেছে। প্রথম কথা আমি এটা বিশ্বাস করছি না। পিসিবি এটাকে ভালো পদক্ষেপ মনে করছে, এটা অবিশ্বাস্য।'

'ম্যাচ হেরেছে দেখে ক্রিকেটারদের জরিমানা হয়েছে, বিশ্বের কোথাও এর আগে এমনটা হয়নি। আপনি তো ইচ্ছা করে ম্যাচ হারবেন না। আপনি কীভাবে চিন্তা করতে পারেন এমনটা করলে পরবর্তীতে পারফরম্যান্স আরো ভালো হবে? এটা করলে ক্রিকেটারদের ওপর চাপ বাড়ে, তাদের অসম্মান করা হয়।'

বিশ্বকাপের গ্রুপ পর্বে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে বড় ব্যবধানে হারে পাকিস্তান। সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষেও পরাজিত হয় তারা। পরে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেলেও রান রেটের সমীকরণ মেলাতে না পারায় সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে যায় দলটি।

খাওয়াজা আরো বলেন, 'নির্বাচকরা তাদের চাপে রেখেছে, তার উপরে ওদের জরিমানা করা হয়েছে। এটা লজ্জার একটি ব্যাপার। পাকিস্তানের ক্রিকেটারদের জন্য আমার খারাপ লাগছে। আমি ভাষা হারিয়ে ফেলেছি সত্যি বলতে।'

রসিকতা করে তিনি আরো বলেন, 'যখনই আমি চিন্তা করি পাকিস্তান আমাকে চমক দেখাবে না, তখনই তারা আমাকে চমক দেখায়। এটা ড্রামা সিরিজের মতো। পরের পর্বের জন্য অপেক্ষা সইছে না।'

আরো পড়ুন: