‘সাকিবের মামলার কাগজপত্র দেওয়া আছে, এখন সরকার সিদ্ধান্ত নেবে’

বাংলাদেশ ক্রিকেট
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
জাতীয় দলে ফেরাতে সাকিব আল হাসানের মামলার কাগজপত্র মন্ত্রণালয়ে জমা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বাংলাদেশের অধিনায়ককে নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি সরকার। নতুন কোনো তথ্য দিতে পারলেন না ফারুক আহমেদও। বিসিবির সহ-সভাপতি জানালেন, প্রয়োজনীয় সব কাগজপত্র দেওয়া আছে তবে সাকিবের ব্যাপারে বাকি সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার।

ক্রিকেটার থাকাকালীনই বিগত আওয়ামী লীগ সরকারের হয়ে নির্বাচন করেছিলেন সাকিব। মাস ছয়েকের জন্য দায়িত্ব পালন করেছেন সংসদ সদস্য হিসেবেও। তবে সরকার পতনের পর বাংলাদেশের সাবেক অধিনায়কের নামে বেশ কয়েকটি মামলা হয়েছে, গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে। তবে ক্রিকেট সংশ্লিষ্ট বেশিরভাগ মানুষের দাবি, সাকিবের নামে করা মামলাগুলো ভিত্তিহীন। কারণ ওই সময় বিদেশের মাটিতে লিগ খেলায় ব্যস্ত ছিলেন তিনি।

পাশাপাশি সাকিব হত্যার মতো কাজ করতে পারেন এমনটা বিশ্বাস করেন না কেউই। একটা সময় সাকিবকে নিয়ে প্রশ্ন করতেই এড়িয়ে যেতেন বোর্ড পরিচালকরা। কয়েক মাস তো সাকিবের প্লেকার্ড নিয়ে মাঠেও ঢুকতে দেওয়া হয়নি সমর্থকদের। তবে চলতি বছর হুট করেই সাকিবকে ফেরানোর সিদ্ধান্ত নেয় বিসিবি। যার অংশ হিসেবে সাকিবের মামলার কাগজপত্র কয়েক দিন আগে মন্ত্রণালয়ে জমা দিয়েছে তারা। বাকিটা এখন সরকারের হাতে।

এ প্রসঙ্গে ফারুক বলেন, ‘সাকিবের ব্যাপারে ক্রিকেট বোর্ড থেকে যা যা করার উনার মামলার কাগজপত্রগুলো ওইটা জায়গা মতো দেওয়া আছে। এখন সরকার সিদ্ধান্ত নেবে। অবশ্যই, আমাদের ক্রিকেট বোর্ড থেকে যেই কাজটা করা দরকার ওইটা করে ফেলেছি।’

সরকার সবুজ সংকেত দিলে দেড় বছর পর আবারও জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে পারেন সাকিব। বিসিবির চাওয়া পাকিস্তান সিরিজেই খেলুক তারকা অলরাউন্ডার। তবে কাজটা একেবারেই সহজ হবে না তাদের জন্য। জাতীয় দলে না থাকায় টি-টেন, আইএল টি-টোয়েন্টি, সিপিএল, পিএসএলসহ বেশ কয়েকটি ‘অখ্যাত’ লিগে খেলেছে সাকিব। সাম্প্রতিক সময়ে অবশ্য অবসর সময় কাটাচ্ছেন। বাংলাদেশ দলে খেলার মতো ফিটনেস আছে কিনা সেসব নিয়ে প্রশ্ন আছে।

ফারুক অবশ্য এখনই সাকিবের খেলার পর্বে যেতে চান না। বিসিবির সহ-সভাপতি বলেন, ‘উনি (সাকিব) সিদ্ধান্ত নেবেন প্রথমে ফিটনেস লেভেলটা কী, দেশে আসতে পারবেন কিনা। তারপর অনেক কিছুর উপর নির্ভর করছে উনি খেলতে পারবেন কিনা। খেলার পর্বটা আরও অনেক পরে। এই মুহুর্তে বলা কঠিন।’

আরো পড়ুন: