বিসিবি সভাপতি বুলবুল কী স্বেচ্ছায় পদত্যাগ করবেন? যা বলছেন ফারুক

বাংলাদেশ ক্রিকেট
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সরকার পরিবর্তন হওয়ায় আমিনুল ইসলাম বুলবুলকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন বিসিবির নির্বাচন থেকে সরে দাঁড়ানো প্রার্থীরা। বিসিবিতে পরিবর্তন আনতে আইনি লড়াইয়েও যেতে পারেন তারা। গুঞ্জন আছে, এমন পরিস্থিতিতে স্বেচ্ছায় বোর্ড থেকে পদত্যাগ করতে পারেন বুলবুল। ফারুক আহমেদ অবশ্য এমন কোনো তথ্য দিতে পারেননি। বরং বিসিবির সহ-সভাপতি জানিয়েছেন, ঈদের পর দেশে ফেরার কথা রয়েছে বুলবুলের।

সবশেষ কয়েক মাস ধরেই বাংলাদেশের ক্রিকেট খানিকটা অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। বিসিবির ‘বিতর্কিত’ নির্বাচনের পর বিদ্রোহী ক্লাবদের ছাড়া লিগ আয়োজন, বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়া অনত্যম। এ ছাড়া বিসিবির পরিচালক ইশতিয়াক সাদিকের পদত্যাগ, আরেক পরিচালকের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ ওঠায় স্বাভাবিকভাবেই চাপে আছেন বুলবুল।

এমন পরিস্থিতিতে সরকার পরিবর্তন হওয়ায় নির্বাচন থেকে সরে দাঁড়ানো প্রার্থীরা বোর্ড ভেঙে দেওয়ার প্রক্রিয়া খুঁজছেন। কদিন আগে গুঞ্জন উঠে, সভাপতি পদ নাও থাকতে পারে এমন ভয়ে রিটার্ন টিকিট ছাড়াই দেশ ছেড়েছেন বুলবুল। যদিও এমন খবরের ভিত্তি পাওয়া যায়নি। কারণ সংবাদমাধ্যমে এমন খবর প্রকাশের পরও বিসিবিতে ডিউটি করতে দেখা গেছে তাকে। তবে পরিবারের সঙ্গে সময় কাটাতে কদিন আগে অস্ট্রেলিয়া গেছেন তিনি।

রমজানের পুরোটা সময় পরিবারের সঙ্গে কাটিয়ে ঈদের পর দেশে ফিরবেন বুলবুল। যদিও এর মাঝে গুঞ্জন উঠেছে পরিস্থিতি ঘোলাটে হলে স্বেচ্ছায় বিসিবি সভাপতির পদ থেকে পদত্যাগ করতে পারেন তিনি। তবে এমন কোনো খবর নেই ফারুকের কাছে। বাংলাদেশের সাবেক অধিনায়কের সঙ্গে আলোচনায় বুলবুল নিশ্চিত করেছেন ঈদের পর দেশে ফিরবেন।

বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশনের (বিএসজেএ) ইফতার আয়োজনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ফারুক বলেন, ‘এই (আমিনুল ইসলাম বুলবুল পদত্যাগ করতে চান) প্রশ্নের ব্যাপারে আমি কিচ্ছু জানি না। তবে আমি যদ্দুর জানি উনার সাথে কথা হয়েছে, উনি ঈদের পরে আসবেন বলেছেন।’

সাম্প্রতিক সময়ে ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে সম্পর্কটা খুব বেশি ভালো নয় বিসিবির। কিছুদিন আগে স্টেডিয়ামে প্রবেশের ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। পরবর্তীতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের হস্তক্ষেপে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে তারা। ফারুক মনে করেন, ক্রিকেটের স্বার্থে বোর্ড, সাংবাদিক, খেলোয়াড় ও ক্রিকেট সংশ্লিষ্টদের আরও ভালো সম্পর্ক হওয়া দরকার।

ফারুক বলেন, ‘আমি মনে করি আমরা ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছি ক্রিকেট বোর্ড, খেলোয়াড়, সাংবাদিক, যারা ক্রিকেট সংক্রান্ত—সবার সাথে একটা সম্পর্ক থাকা খুবই জরুরি। কেননা আমাদের সবার লক্ষ্য কিন্তু একটাই। একটা লক্ষ্যে আমরা সবাই এগিয়ে যাচ্ছি, বাংলাদেশের ক্রিকেটের উন্নতি এবং বাংলাদেশের ক্রিকেট। এজন্য আমার মনে হয় আরেকটু সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হলে ভালো হয়।’

আরো পড়ুন: