মুস্তাফিজুর রহমানকে আইপিএলের দল থেকে বাদ দেয়ার পর আইসিসিকে বিকল্প ভেন্যু খুঁজতে বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মূলত ক্রিকেটারদের নিরাপত্তার স্বার্থ বিবেচনায় আনে বিসিবি। শেষ পর্যন্ত আসিফ নজরুলের সিদ্ধান্তের কারণে ভারত বিশ্বকাপে যেতে অপারগতা প্রকাশ করে বিসিবি।
আইসিসি তখন বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপ খেলার সুযোগ করে দেয়। শুরুতে রাষ্ট্রীয় সিদ্ধান্তের কথা জানালেও পরবর্তীতে আসিফ নজরুল জানান বিসিবি, ক্রিকেটার ও ম্যানেজমেন্টের চাওয়াতেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ। তাকে 'মিথ্যুক' বলেছেন সালাহউদ্দিন।
তিনি বলেন, 'উনি (আসিফ নজরুল) খাঁড়ার উপরে এরকম মিথ্যা কথা বলবে এটা আমি ভাবতেও পারছি না। আমি কীভাবে ছেলেদের সামনে মুখ দেখাবো? উনি একজন শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আমার দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন মানুষ, উনি এভাবে মিথ্যা বলবে এটা আমি আসলে মানতে পারছি না। উনি নিজেও শিক্ষক মানুষ।'
'শিক্ষকরা তো একটু মিথ্যা কথা কম বলে। এটা আসলে আমরা মানতে পারছি না। কীভাবে মানব? এটা আমাদের বলার মতো না যে উনি কী বলে আসলো আর উনি কীভাবে ইউ-টার্নটা নিল।'
বিশ্বকাপ খেলতে না পারার কারণে কয়েকজন ক্রিকেটার কোমায় গিয়েছে বলেও মতামত দেন সালাহউদ্দিন। তিনি জানান অদম্য টি-টোয়েন্টি কাপে ক্রিকেটারদের মাঠে ফেরানোটাই তার কোচিং জীবনের সেরা সাফল্য।
সালাহউদ্দিন বলেন, 'একটা মানুষের স্বপ্ন শেষ করে দিয়েছেন। আমি তো জানি আমার দুইটা প্লেয়ার কোমায় চলে গিয়েছিল। চার পাঁচ দিন ধরে কই হারায় গিয়েছিল। তাদের যে আমরা টুর্নামেন্টে মাঠে ফিরিয়ে আনতে পেরেছি ওটাই বেশি। আমার মনে হয় এটাই সবচেয়ে বড় সাফল্য কোচিংয়ে আমার জীবনে'