আজ উপভোগ করো কিন্তু সিরিজ জিততে এখনো একটি ম্যাচ বাকি: সিমন্স
অবিশ্বাস্য, অতিমানবীয় কিংবা অলৌকিক, অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টেস্ট জয়কে যেকোনো বিশেষণেই বিশেষায়িত করা যায়। টেস্ট শুরুর আগ মুহুর্তেও এই টেস্ট বাংলাদেশের পক্ষে জেতা সম্ভব, সেটি বিশ্বাস করার মানুষ খুব বেশি পাওয়া যেত না। কিন্তু নিজেদের ওপর বিশ্বাস আর পরিশ্রম যে আপাত অসম্ভবকে সম্ভব করায় সেই বিশ্বাস দলের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স। সবসময় নিজেদের কাজটা ঠিকঠাক করার ওপর জোর দেয়া এই কোচের তাই এখন লক্ষ্যটা আরো বড়, অস্ট্রেলিয়াকে সিরিজ হারানো।