আমরা বাংলাদেশের কাছে পুরোপুরি পরাস্ত হয়েছি: স্মিথ

অস্ট্রেলিয়া-বাংলাদেশ সিরিজ
স্টিভ স্মিথ
স্টিভ স্মিথ
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ম্যাচের আগেরদিন সবচেয়ে বড় প্রশ্ন ছিল অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যকার টেস্ট কতদিন গড়াবে? তিনদিন নাকি পাঁচদিন। দুইটার একটিও সঠিক হয়নি। ডারউইন টেস্টে খেলা হয়েছে সাড়ে তিন দিন। যেখানে ১১ সেশনের একটিতেও জিততে পারেনি অস্ট্রেলিয়া। ৯ উইকেটে জেতা ম্যাচে বাংলাদেশ কতটা ভালো ক্রিকেট খেলেছে সেটা বোঝা গেছে স্টিভ স্মিথের কথায়। ডানহাতি ব্যাটার অকপটে স্বীকার করে নিলেন, বাংলাদেশ তাদেরকে পুরোপুরি পরাস্ত করেছে।

অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগে প্রধান নির্বাচক হাবিবুল বাশার জানিয়েছিলেন, দল হিসেবে সম্মানজনক লড়াই করতে চান। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর চাওয়া ছিল টানা পাঁচদিন প্রক্রিয়া মেনে ভালো ক্রিকেট খেলা। অধিনায়ক হিসেবে যা চেয়েছিলেন মাঠের ক্রিকেটে সেটাই করে দেখিয়েছেন ক্রিকেটাররা। ডারউইন টেস্টের প্রথম দিনে হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেনরা স্বাগতিকদের গুঁড়িয়ে দিয়েছেন। বাংলাদেশের পেসত্রয়ীর আগুনে বোলিংয়ে মাত্র ১৯৮ রানে গুটিয়ে যায় তারা।

বোলিংয়ের মতো ব্যাটিংয়েও দাপট দেখায় বাংলাদেশ। তানজিদ হাসান তামিমের সেঞ্চুরির সঙ্গে শান্ত ও মেহেদী হাসান মিরাজের হাফ সেঞ্চুরি, মুমিনুল হকদের দৃঢ়তায় ২২৮ রানের লিড পায় সফরকারীরা। দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশের শুরুটা ছিল দুর্দান্ত। মিরাজের স্পিনের সঙ্গে হাসানের পেস বোলিংয়ে তিনশর আগেই অস্ট্রেলিয়াকে থামায় ফিল সিমন্সের শিষ্যরা। মাত্র ৫৭ রান তাড়ায় বাংলাদেশ ঐতিহাসিক টেস্ট জিতেছে ৯ উইকেট। পুরো টেস্টের একটা দিন কিংবা একটা সেশনেও দাপট দেখাতে পারেনি অজিরা।

ডারউইনে অস্ট্রেলিয়ার ইতিবাচক দিক ছিল জশ হ্যাজেলউডের ৬ উইকেট ও ক্যামেরন গ্রিনের সেঞ্চুরি। বাকি সময়ের পুরোটা শুধু ব্যর্থতা আর ব্যর্থতা। গত তিনদিনে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের প্রশংসা করেছেন ডেভিড ওয়ার্নার, অ্যাডাম গিলক্রিস্টরা। স্মিথও প্রশংসা করতে ভুললেন না। বোলিংয়ের সঙ্গে বাংলাদেশের ব্যাটিংয়ের প্রশংসাও করেছেন তিনি। সেই সঙ্গে নিজেদের ব্যর্থতাও স্বীকার করেছেন অস্ট্রেলিয়ান গ্রেট।

ম্যাচ পরবর্তী সময়ে স্মিথ বলেন, ‘ব্যাপারটা খুবই সহজ। আমরা পুরোপুরি পরাস্ত হয়েছি। প্রথম দিন সকালে বাংলাদেশ খুব ভালো বোলিং করেছে, দারুণ নিয়ন্ত্রিত বোলিং করেছে। আমাদের ব্যাটাররা সম্ভবত যথেষ্ট শৃঙ্খলাবদ্ধ ছিল না। এরপর দ্বিতীয় ইনিংসে তারা খুব ভালো ব্যাটিং করেছে, স্কোরবোর্ডে অনেক রান তুলে ফেলেছে। গতকাল ব্যাটিংয়ের জন্য বেশ ভালো উইকেট ছিল।’

‘একই উইকেটে আমরা সেই ঘাটতি পূরণ করতে পারিনি। আমাদের কয়েকজন ব্যাটার শুরুটা ভালো করেও ইনিংসটা বড় করতে পারেনি। আমার মনে হয় (ক্যামেরন) গ্রিনি সেঞ্চুরি করতে খুব ভালো ব্যাটিং করেছে কিন্তু তাকে সঙ্গ দেওয়ার মতো কেউ ছিল না। সেখানে ম্যাচে থাকতে হলে আমাদের সম্ভবত অন্তত ২০০ বা তার বেশি রান করা দরকার ছিল। আর যেমনটা বললাম, আমরা পুরোপুরি পরাস্ত হয়েছি।’

টেস্ট র‌্যাঙ্কিংয়ে বর্তমানে এক নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। বিপরীতে বাংলাদেশের অবস্থান নয়ে। এমন একটা দলের কাছে পুরোপুরি পরাস্ত হওয়ায় অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সমালোচনা করছেন দেশটির সাবেকরা। রিকি পন্টিং তো দলে পরিবর্তন আনারও পরামর্শ দিয়েছেন। স্মিথ অবশ্য এটি স্রেফ নিজেদের খারাপ একটি সপ্তাহ হিসেবে দেখছেন। তারা যে ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলার কারণে শীর্ষে আছেন সেটাও মনে করিয়ে দিয়েছেন। এ ছাড়া বাংলাদেশকেও কৃতিত্ব দিয়েছে স্মিথ।

অস্ট্রেলিয়ান এই ব্যাটার বলেন, ‘হ্যাঁ, আমি আশা করছি। এটা আমাদের জন্য শুধু একটা খারাপ সপ্তাহ ছিল। আমরা এক নম্বর দল হওয়ার একটা কারণ আছে। দীর্ঘ সময় ধরে আমরা খুব ভালো ও ধারাবাহিক ক্রিকেট খেলেছি। আর এই সপ্তাহটা ছিল কিছুটা ব্যতিক্রম। আমরা পরাস্ত হয়েছি। বাংলাদেশ খুব ভালো খেলেছে, তাই তাদের কৃতিত্ব দিতেই হবে। আমরা অনেক কিছু আরও ভালোভাবে করতে পারতাম। তবে গত চার দিনে বাংলাদেশ যেভাবে খেলেছে, তার জন্য তাদের কৃতিত্ব দিতেই হবে।’

আরো পড়ুন: