প্রেসক্রিপশনের ওষুধ নিয়ে নিয়ম ভাঙায় দুই ম্যাচ নিষিদ্ধ শুট

অস্ট্রেলিয়া ক্রিকেট
মেগান শুট, ফাইল ছবি
মেগান শুট, ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রেসক্রিপশনের ওষুধ ব্যবহারে নির্ধারিত নিয়ম না মানায় দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন অস্ট্রেলিয়ার পেসার মেগান শুট। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এই শাস্তির কথা জানিয়েছে। নিষেধাজ্ঞার কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ এবং নারী বিগ ব্যাশ লিগে (ডব্লিউবিবিএল) অ্যাডিলেড স্ট্রাইকার্সের প্রথম ম্যাচে খেলতে পারবেন না ৩৩ বছর বয়সী এই পেসার।

অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সিরিজের আগে বিরতির সময়ে ঘটনাটি ঘটে। প্রতিযোগিতার বাইরে থাকাকালে প্রেসক্রিপশনের ওষুধ ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত নির্দেশনা না মানার অভিযোগে তদন্তের মুখে পড়েন শুট। তদন্ত শেষে শাস্তি মেনে নিয়েছেন তিনি। তবে ঘটনাটি পারফরম্যান্স বাড়ানোর উদ্দেশ্যে ঘটেনি বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

এক বিবৃতিতে সিএ জানায়, প্রেসক্রিপশনের ওষুধ ব্যবহারের ক্ষেত্রে স্পোর্টস সায়েন্স ও স্পোর্টস মেডিসিনের নির্দেশনা অনুসরণ না করাই ছিল শুটের অপরাধ। ঘটনাটি একবারই ঘটেছে এবং এর সঙ্গে পারফরম্যান্স বৃদ্ধির কোনো সম্পর্ক নেই। আন্তর্জাতিক ও ঘরোয়া দুই ধরনের ক্রিকেটেই কার্যকর হবে এই দুই ম্যাচের নিষেধাজ্ঞা।

নিজের ভুল স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন শুটও। তিনি বলেন, 'আমার ওপর দেওয়া শাস্তি আমি পুরোপুরি মেনে নিচ্ছি। প্রত্যাশিত মান বজায় রাখতে ব্যর্থ হওয়ায় দুঃখিত। এই ঘটনা নিয়ে যে আলোচনা তৈরি হয়েছে, তার জন্যও ক্ষমা চাইছি। যারা আমাকে সমর্থন দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞ।'

নিয়ম অনুযায়ী, পারফরম্যান্স বাড়ানোর উদ্দেশ্যে নয় এমন ব্যক্তিগত প্রেসক্রিপশনের ওষুধ ব্যবহার করা বৈধ। তবে ওষুধটি ব্যক্তিগত ব্যবহারের জন্য হতে হবে এবং এ ক্ষেত্রে ক্রিকেট অস্ট্রেলিয়া ও অ্যান্টি-ডোপিং কর্তৃপক্ষের নির্ধারিত নির্দেশনা মানতে হয়। সেই নিয়ম অনুসরণে ব্যর্থ হওয়ায় শাস্তির মুখে পড়েছেন শুট।

তদন্ত চলাকালে অবশ্য চারটি ম্যাচ খেলেছেন অস্ট্রেলিয়ার এই পেসার। সাউথ অস্ট্রেলিয়ার হয়ে উইমেন্স ন্যাশনাল ক্রিকেট লিগের একটি ম্যাচে ৪৯ রানে ২ উইকেট নেন তিনি। এরপর বাংলাদেশের বিপক্ষে তিন ওয়ানডেতে তার শিকার ছিল যথাক্রমে ২, ৪ ও ৪ উইকেট। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টিতে খেলার জন্যও তিনি বিবেচনায় ছিলেন, যদিও একাদশে জায়গা পাননি।

তদন্ত শেষ হওয়ার পর এখন নিষেধাজ্ঞার দুই ম্যাচ কাটাবেন শুট। বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে খেলতে পারবেন না তিনি। এরপর ৩১ অক্টোবর মেলবোর্ন স্টার্সের বিপক্ষে অ্যাডিলেড স্ট্রাইকার্সের ডব্লিউবিবিএল অভিযান শুরু হবে, সেই ম্যাচেও থাকবেন না এই পেসার।