‘ট্রফি জেতার ক্ষুধা আছে, মুখে বলি, কিন্তু মাঠের খেলায় হচ্ছে না’

ত্রিদেশীয় সিরিজ
তাওহীদ হৃদয়, ক্রিকফ্রেঞ্জি
তাওহীদ হৃদয়, ক্রিকফ্রেঞ্জি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
জিম্বাবুয়ের পর আফগানিস্তানের কাছেও হারের তিক্ত অভিজ্ঞতা নিয়ে ত্রিদেশীয় সিরিজ শেষ করেছে বাংলাদেশ। দুই ম্যাচেই ব্যাটিং ব্যর্থতায় ডুবেছে দল, যা নিয়ে বিরক্ত ও বিব্রত ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহীদ হৃদয়। তার মতে, ত্রিদেশীয় সিরিজ, এশিয়া কাপ কিংবা বিশ্বকাপের মতো বড় আসরে ট্রফি জেতার আকাঙ্ক্ষা সবার মধ্যেই আছে। তবে সেই ইচ্ছার প্রতিফলন মাঠের খেলায় দেখা যাচ্ছে না।

লিটন দাসের চোটে নেতৃত্বের দায়িত্ব পাওয়া হৃদয়ের অধিনায়কত্বের শুরুটা ভালো হয়নি। সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানে হারের পর শেষ ম্যাচে আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। দুই ম্যাচেই ব্যাটিংয়ের ভঙ্গুর দশা সামনে এসেছে। সিরিজ শেষে হৃদয়ের কণ্ঠেও তাই উঠে এসেছে বড় অর্জনের স্বপ্ন আর মাঠের বাস্তবতার মধ্যকার ব্যবধান।

বড় আসরে শিরোপা জেতার আকাঙ্ক্ষা নিয়ে হৃদয় বলেন, 'সত্যি কথা বলতে, আমরা যখনই কোনো বড় সিরিজ খেলি বা ত্রিদেশীয় সিরিজ, এশিয়া কাপ কিংবা বিশ্বকাপ খেলি, ব্যক্তিগতভাবে শুধু আমি না, আমরা সবাই চাই বিশ্বকাপ বা এশিয়া কাপের একটা ট্রফি নিই। সবার মধ্যে ওই ক্ষুধা আছে। একই সঙ্গে আমরা সেটা মুখে বলি, কিন্তু মাঠের খেলায় জিনিসটা হচ্ছে না।'

আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার তাগিদও অনুভব করছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক। ঘরের মাঠে এশিয়া কাপকে বড় সুযোগ হিসেবে দেখছেন তিনি।

হৃদয়ের ভাষায়, 'ঘরের মাঠে এশিয়া কাপ খেলা আমাদের জন্য অনেক বড় সুযোগ। প্রত্যেকটা মানুষের মতো আমাদেরও প্রত্যাশা আছে। যেভাবেই হোক, আমাদের দলটা ভালো অবস্থায় আসা জরুরি। এশিয়া কাপ আমাদের জন্য গুরুত্বপূর্ণ জায়গা। আশা করি, আমরা ভালো কিছু করব, ইনশাআল্লাহ।'

তবে বড় আসরের আগে দলের ব্যাটিংয়ের এমন দশা উদ্বেগ বাড়াচ্ছে। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে হৃদয় স্বীকার করেছেন, একই ভুল বারবার করছে বাংলাদেশ। ব্যাটিংয়ের ক্রম নিয়ে আলোচনা হয়েছে কি না, এমন প্রশ্নে হৃদয় জানান, 'হ্যাঁ, এটা নিয়েও আমরা আলোচনা করেছি। তবে ওপরের সারির ব্যাটারদের দ্রুত উইকেট হারানোই মূল কারণ। আমরা এটা নিয়ে কাজ করব।'

তার মতে, ব্যাটিংয়ের শুরুতে বড় ধস নামার কারণেই দল প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানানোর মতো সংগ্রহ গড়তে পারছে না। আফগানিস্তানের বিপক্ষে আগে ব্যাট করে ১৬০ রানেই থামে বাংলাদেশ। জবাবে ৩৫.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় আফগানরা।

ম্যাচে আরও ৪০-৫০ রান বেশি করতে পারলে ফল ভিন্ন হতো কি না, এমন প্রশ্নে হৃদয় বলেন, 'না, ৪০-৫০ রান না। আমরা অন্তত ১০০ রান কম করেছি। এটা ব্যাটিংয়ের জন্য খুবই ভালো উইকেট। ওপরের সারি থেকে বড় রান করতে হবে।'

আরো পড়ুন: