প্রথম টি-টোয়েন্টির আগে সংবাদ সম্মেলনে ভুবনেশ্বরকে নিয়ে কথা বলেন আইয়ার। জসপ্রীত বুমরাহ না থাকায় দলে অভিজ্ঞ বোলারের প্রয়োজনীয়তা বেড়েছে বলে জানান তিনি। পাশাপাশি টি-টোয়েন্টি ক্রিকেটে ভুবনেশ্বরের অভিজ্ঞতা ও সাম্প্রতিক সাফল্যকেও গুরুত্ব দিয়েছেন ভারতের অধিনায়ক।
আইয়ার বলেন, 'ভুবির বিশাল অভিজ্ঞতা। বুমরাহ না থাকায় আইপিএলের পর থেকে অভিজ্ঞতার অভাব হচ্ছিল। আমাদের দলে বেশ কয়েকজন নতুন বোলার রয়েছে। কিন্তু ভুবি গত দুইবার দলকে আইপিএল জিতিয়েছে। এই সংস্করণে কীভাবে দাপট দেখাতে হয়, সেটা ও জানে। তাই ওকে নেয়া হয়েছে।'
ভারতের হয়ে এখন পর্যন্ত ৮৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ভুবনেশ্বর। শিকার করেছেন ৯০ উইকেট। আইপিএলের সর্বশেষ দুই আসরে তার উইকেটসংখ্যা ৪৫। নিউজিল্যান্ডের পরিবেশেও এই পেসারের অভিজ্ঞতা কাজে আসবে বলে মনে করেন আইয়ার। তার মতে, সেখানকার আবহাওয়া ও কন্ডিশন পেসারদের বাড়তি সুবিধা দেয়।
এ প্রসঙ্গে আইয়ার বলেন, 'এখানকার পরিবেশ ও আবহাওয়া পেসারদের সাহায্য করে। আমরা ভারতে যে পরিবেশে খেলি, তার থেকে সম্পূর্ণ আলাদা। এই পরিবেশে ভুবিকে আমাদের দরকার।'
নিউজিল্যান্ডের মাটিতে মানিয়ে নেয়ার চ্যালেঞ্জও রয়েছে ভারতের সামনে। দলের বেশ কয়েকজন ক্রিকেটারের জন্য সেখানকার পরিবেশ নতুন। তবে দ্রুত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ব্যাপারে আশাবাদী আইয়ার।
তিনি বলেন, 'ম্যাচের দিন উইকেট কেমন হবে, তা আগে থেকে কেউ জানে না। আশা করছি, তাড়াতাড়ি পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারব। একটা ভালো অনুশীলনের পর সবাই বুঝে যাবে, কেমনভাবে খেলতে হবে।'
নিউজিল্যান্ডের পরিবেশগত সুবিধার কথা স্বীকার করলেও মাঠের লড়াইয়ে দুই দলের মধ্যে বড় কোনো পার্থক্য দেখছেন না ভারতের অধিনায়ক। আইয়ার বলেন, 'ওরা এই ধরনের পরিবেশে খেলতে অভ্যস্ত। সেই সুবিধা তো ওরা অবশ্যই পাবে। তবে তার বাইরে কোনো তফাত নেই। মাঠে নেমে ব্যাট ও বলের লড়াই হবে। যে ওই তিন ঘণ্টায় ভালো খেলবে, সে জিতবে।'