সবশেষ ২০২৩ সালে ভারতের কোচিতে অনুষ্ঠিত হয়েছে আইপিএলের নিলাম। পরবর্তী তিন মৌসুমের নিলামই হয়েছে ভারতের বাইরে। দুবাই ও জেদ্দার পর গত মৌসুমের নিলাম হয়েছে আবুধাবির ইতিহাত অ্যারেনায়। মিনি নিলামে অতিরিক্ত খরচ বাঁচাতে ভারতে ফেরানো হচ্ছে। তবে পরের বছর মেগা নিলাম হতে পারে বিদেশের মাটিতে।
ভারতের বাইরে নিলাম হলে লজিস্টিক ও অপারেশনাল চ্যালেঞ্জের মুখে পড়তে হয় ফ্র্যাঞ্চাইজিদের। বিশেষ করে মিনি নিলামের প্রয়োজনের চেয়েও বেশি খরচ হয়ে থাকে। এমন অবস্থায় ফ্র্যাঞ্চাইজিদের কথা ভেবে ভারতে মিনি নিলাম আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আইপিএল গভর্নিং কাউন্সিল।
বরাবরের মতো ফ্র্যাঞ্চাইজি ও তাদের প্রতিনিধি দলের আবাসন ব্যবস্থার প্রাপ্যতার উপর ভিত্তি করেই ভেন্যু বা নিলামের আয়োজক শহর চূড়ান্ত করবে বিসিসিআই। অক্টোবর থেকে ডিসেম্বর ভারতে বিয়ের মৌসুম চলায় গভর্নিং কাউন্সিলকে বিষয়টি মাথায় রাখতে হচ্ছে। ওই সময় যেই শহরে পর্যাপ্ত আবাসনের পাঁচ তারকা হোটেল পাওয়া যাবে সেখানেই হতে পারে মিনি নিলাম।
একটি মিনি নিলাম আয়োজনে এক কিংবা দুই রাতের জন্য একটির বেশি রুমের প্রয়োজন হতে পারে। আইপিএলের আগামী মৌসুমে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম থাকবে কিনা সেটা নিয়ে আবারও বৈঠক করবে গভর্নিং কাউন্সিল। গত আসরে রোহিত শর্মাসহ বেশ কয়েকজন তারকা ক্রিকেটার সমালোচনা করায় নিয়মটি নিয়ে ভাবতে হচ্ছে তাদের।