জবাবে খেলতে নেমে ৯ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে অস্ট্রেলিয়া। ওপেনিং জুটিতেই জর্জিয়া ভল ও বেন মুনি ৩১ রানের জুটি গড়েন। ১০ বলে ১০ রান করে মুনি শিকার হন মারুফা আক্তারের। এরপর অস্ট্রেলিয়াকে আর কোনো বেগ পেতে দেননি ভল ও এলিস পেরি।
দুজনে অবিচ্ছিন্ন ৪৭ রানের জুটি গড়ে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেন। ভল ৩২ বলে ৪৫ ও পেরি ১৫ বলে ১৯ রান করে ম্যাচ শেষ করে আসেন। এই ম্যাচে হারের ফলে পয়েন্ট টেবিলে তিনে নেমে গেছে বাংলাদেশ। দ্বিতীয় স্থানে আছে ১ ম্যাচে এক জয় পাওয়া ভারত। ২ ম্যাচে দুই জয়ে শীর্ষে অস্ট্রেলিয়া।
এদিন টসে হেরে ব্যাট করতে নেমে ২৭ রানের মধ্যে ৫ উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি টাইগ্রেসরা। শূন্য রানেই ফেরেন ওপেনার দিলারা আক্তার। আগের ম্যাচে হাফ সেঞ্চুরি তুলে নেয়া জুয়াইরিয়া ফেরদৌস ৮ রানের বেশি করতে পারেননি। শারমিন আক্তার ৫ রান করে ফেরেন।
৪ রান করে আউট হয়েছেন সোবহানা মোস্তারিও। ষষ্ঠ উইকেটে অধিনায়ক নিগারের সঙ্গে ৩২ রানের জুটি গড়ে রিতু মনি। এরপর আর কোনো বড় জুটি গড়তে পারেনি বাংলাদেশ। অস্ট্রলিয়ার হয়ে দুটি করে উইকেট নেন কিম গার্থ, সোফি মোলিনেক্স ও এলিস পেরি। একটি করে উইকেট পেয়েছেন আনাবেলা সাদারল্যান্ড ও জর্জিয়া ওয়ারহ্যাম।