দলকে জেতাতে না পারলেও রিয়ানের ৫০ বলে ৯০ রানের ইনিংস প্রশংসা কুড়িয়েছে। আটটি চার ও পাঁচটি ছয়ে সাজানো এই ইনিংস তার সামর্থ্যেরই প্রমাণ দিয়েছে। কঠিন সময়ে দলের হয়ে দায়িত্ব নেয়ার চেষ্টা ছিল চোখে পড়ার মতো।
গত ২৮ এপ্রিল পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে সাজঘরে ইলেকট্রনিক সিগারেট সেবনের কারণে শাস্তি পান রিয়ান। এই ঘটনায় তাকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়। সেই বিতর্ক নিয়ে সাম্প্রতিক পারফরম্যান্সের পর মুখ খুলেছেন পরাগ।
ম্যাচ শেষে পরাগ বলেন, 'আমার মনে হয় না এ সব নিয়ে যারা কথা বলছেন বা সমালোচনা করছেন, তাদের জবাব দেয়ার প্রয়োজন আছে। দিনের শেষে আমার লক্ষ্য ২ পয়েন্ট।'
তিনি আরও বলেন, 'আমরা যদি ম্যাচ জিততে না পারি, তাহলে আমার রান বা ইনিংসের আলাদা কোনও মূল্য থাকে না। দলের ফলই সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটাই আমি আগে দেখি।'
এদিকে চলতি আসরে শুরুটা ভালো হলেও ধারাবাহিকতার অভাবে ভুগছে রাজস্থান রয়্যালস। দিল্লির বিপক্ষে ম্যাচের পর ১০ ম্যাচে ১২ পয়েন্ট সংগ্রহ করেছে দলটি। বর্তমানে পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে রয়েছে পরাগের দল।