লিজেন্ডস ক্রিকেটকে ‘গ্রে এরিয়া’ আখ্যা দিলেন আইসিসি কর্মকর্তা

লিজেন্ডস ক্রিকেট
লিজেন্ডস লিগের চ্যাম্পিয়ন পাকিস্তান
লিজেন্ডস লিগের চ্যাম্পিয়ন পাকিস্তান
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত বিভিন্ন লিগকে 'গ্রে এরিয়া' উল্লেখ্য করে সতর্ক করেছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি বিরোধী ইউনিটের প্রধান অ্যান্ড্রু এফগ্রেভ। তিনি মনে করেন এসব লিগ নিয়ে স্বচ্ছতা না থাকলে ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট হওয়ার ঝুঁকি রয়েছে।

সম্প্রতি তিনি পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে সাবেকদের এই লিগ নিয়ে সতর্ক করেছেন তিনি। এর কারণ হিসেবে তিনি জানিয়েছেন, এসব লিগের অনুমতি থাকে না আইসিসির। এমনকি আইসিসির নো অবজেকশন সার্টিফিকেটেরও কোনো প্রয়োজন পড়ে না। এ কারণেই এসব টুর্নামেন্টকে নিয়ে ধোঁয়াশা রয়েছে বলে ধারণা আইসিসির এই শীর্ষ কর্মকর্তার।

সাবেক এই ব্রিটিশ পুলিশ কর্মকর্তা বলেন, ‘এটা সত্যিই একটি গ্রে এরিয়া। কারণ অনেক সময় এসব লিগের জন্য আনুষ্ঠানিক অনুমোদন থাকে না এবং তারা আইসিসির নো অবজেকশন সার্টিফিকেটও (এনওসি) পায় না। কোনো কোনো ক্ষেত্রে ঘরোয়া ক্রিকেট বোর্ড অনুমোদন দেয়, আবার কেউ কেউ দেয় না। অনেক খেলোয়াড়ই বর্তমান ক্রিকেট কাঠামোর অংশ নন, তাই বিষয়টি কিছুটা গ্রে।’

সাবেকদের এসব টুর্নামেন্টে খেলে থাকেন অনেক নামিদামি ক্রিকেটার। বিশেষ করে শহীদ আফ্রিদি, এবি ডি ভিলিয়ার্স, যুবরাজ সিং কিংবা ডেভিড ওয়ার্নাররা এখন এসব টুর্নামেন্টের নিয়মিত মুখ। এফগ্রেভ মনে করেন এর সঙ্গে অনেকের আবেগও জড়িত। কারণ অনেকেই ছোটোবেলার প্রিয় ক্রিকেটারদের খেলা দেখতে এসব টুর্নামেন্টে নিয়মিত চোখ রাখেন। সেই সঙ্গে ঝুঁকির বিষয়টিও মাথায় রাখার পরামর্শ দিয়েছেন তিনি।

এফগ্রেভ বলেন, ‘এখানে ঐতিহ্যের বিষয়টি যেমন আছে, তেমনি আপনি ছোটবেলা থেকে যাকে দেখে বড় হয়েছেন, সেই খেলোয়াড়কে আবার খেলতে দেখার আকাঙ্ক্ষাও আছে। এর পাশাপাশি ঝুঁকির বিষয়টিও বিবেচনায় রাখতে হবে। (ক্রিকেটের ভাবমূর্তীর ক্ষতি) হতে পারে। তবে একই সঙ্গে এটাকে প্রদর্শনী ক্রিকেট বা উৎসবধর্মী ক্রিকেট হিসেবেও দেখার বিষয় আছে।’

২০২৪ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত একটি লিজেন্ডস লিগের প্রসঙ্গও টেনে আনেন এফগ্রেভ। আইসিসি সেবার এই টুর্নামেন্টে দুর্নীতির অভিযোগের তদন্তে নেমেছিল। দুর্নীতি থেকে দূরে রাখতে ক্রিকেটারদের শুধু শাস্তির আওতায় না এনে তাদের আরও এই বিষয়ে অবগত করাকে গুরুত্ব দিতে চান তারা।

এফগ্রেভ বলেন, ‘মানুষকে বুঝতে হবে, এটি একটি ফ্র্যাঞ্চাইজি লিগ, আইসিসির কোনো ইভেন্ট কিংবা রঞ্জি ট্রফির মতো প্রতিযোগিতা নয়। খেলোয়াড়েরা ঝুঁকিপূর্ণ অবস্থানে থাকেন। আমাদের দায়িত্ব হলো তাদের এই ব্যাপারে আরও জ্ঞান দেয়া, সহায়তা করা এবং তাদের মধ্যে আত্মবিশ্বাস ও আস্থা তৈরি করা। আমাদের বিভিন্ন কর্মসূচি সেটিই করেছে।’

আরো পড়ুন: