‘২০২৭ বিশ্বকাপের পরই অবসর নেবেন না কোহলি’

ভারতীয় ক্রিকেট
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
‘২০২৭ বিশ্বকাপই শেষ’— ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরুর আগে এমন ঘোষণা দিয়েছেন বিরাট কোহলি। অর্থাৎ সাউথ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়ে হতে যাওয়া বিশ্বকাপ শেষে ডানহাতি ব্যাটারকে আন্তর্জাতিক ক্রিকেটে আর দেখা যাবে না। তবে মন্টি পানেসার মনে করেন, ২০২৭ বিশ্বকাপ শেষ হওয়ার সাথে সাথেই অবসর নেবেন না কোহলি। ভারতীয় গ্রেটের খেলার প্রতি একাগ্রতা ও পারফরম্যান্স দেখেই এমন মন্তব্য করেছেন তিনি।

২০১১ সালে প্রথমবার ভারতের হয়ে ওয়ানডে বিশ্বকাপ খেলেন কোহলি। পরবর্তীতে খেলেছেন ২০১৫, ২০১৯ এবং ২০২৩ বিশ্বকাপ। যেখানে ২০১১ ও ২০২৩ সালে খেলেছেন ফাইনালও। এখনো পর্যন্ত একটি বিশ্বকাপ ট্রফি জয়ের কীর্তি আছে ডানহাতি ব্যাটারের। লম্বা সময়ের ক্যারিয়ারে ৫০ ওভারের ক্রিকেটে ১৫ হাজারের বেশি রান করেছেন তিনি।

বয়স বাড়ায় আস্তে আস্তে ক্রিকেট ছাড়তে শুরু করেছেন কোহলি। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ২০ ওভারের ক্রিকেট ছাড়েন তিনি। পরের বছর বিদায় বলেন টেস্ট ক্রিকেটকে। বর্তমানে খেলছেন ওয়ানডে ক্রিকেট। যদিও নানান সময়ে নানান কথা উঠেছে। বয়সের ভারে নুইয়ে পড়েন কিনা সেসবও ভাবনায় এসেছে।

যদিও ব্যাট হাতে নিয়মিতই পারফর্ম করছেন ভারতীয় গ্রেট। গত ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও করেছেন সেঞ্চুরি। ওয়ানডে বিশ্বকাপে ৩৭ ম্যাচে এখনো পর্যন্ত ১ হাজার ৭৯৫ রান করেছেন কোহলি। আগামী বছর খেলবেন নিজের শেষ বিশ্বকাপ। ধারণা করা হচ্ছে, বিশ্বকাপেই ভারতের হয়ে শেষ ম্যাচটা খেলতে পারেন তিনি। যদিও এমনটা মনে করেন না মন্টি পানেসার।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-এর সঙ্গে আলাপকালে ইংল্যান্ডের সাবেক স্পিনার বলেন, ‘বিরাট কোহলি এখনো ক্ষুধার্ত। সে দারুণ একাগ্রতার সঙ্গে খেলছে, ফিটনেসেও বাড়তি মনোযোগ দিচ্ছে, আশেপাশে যারা আছে তাদের অনুপ্রাণিত করছে। আমি যখন বিরাট কোহলিকে অনুশীলন করতে দেখি তখন আমিও জিমে যাওয়ার অনুপ্রেরণা পাই। সে বলেছে এটিই হয়ত তার বিশ্বকাপ। তবে খুব সম্ভবত এটা তার মানসিকতার একটা অংশ।’

‘আপনি যখন ভাববেন আপনার হাতে আর মাত্র ১০-১৫টি ম্যাচ বাকি আছে তখন প্রতিটি ম্যাচেই পুরোদমে একাগ্রতা নিয়ে খেলেছে, প্রতিটি ম্যাচকে একটা করে ইভেন্ট করে খেলে। বিরাট সেই মানসিকতা নিয়ে মাঠে এবং প্রতিটি বল ও মুহুর্তে নিজের সেরাটা দেয়। খেলার প্রতি তার একাগ্রতা দেখে মনে হয় না সে বিশ্বকাপের পরই অবসর নেবে। আমার বিশ্বাস, এখনো তার অনেক খেলা বাকি আছে।’

কোহলির পাশাপাশি একই বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলতে পারেন রোহিত শর্মা। ডানহাতি ওপেনারকে নিয়ে সাম্প্রতিক সময়ে নানান গুঞ্জন তৈরি হয়েছিল। গত ইংল্যান্ড সফরে অবসর নেবেন এমন কথাও শোনা গেছে। যদিও এসব আলোচনা তোয়াক্কা না করে মাঠে পারফর্ম করে যাচ্ছেন তিনি। গত ওয়েস্ট ইন্ডিজ সিরিজে একটি সেঞ্চুরি এবং একটি নব্বই পেরোনো ইনিংস খেলেছেন। বিশ্বকাপে রোহিতের জায়গা নিয়ে সংশয় দেখছেন না মন্টি পানেসার।

আরো পড়ুন: