বাংলাদেশ সিরিজ মাতিয়ে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে কেলি

নিউজিল্যান্ড ক্রিকেট
নিক কেলি ও লিটন দাস, ফাইল ফটো
নিক কেলি ও লিটন দাস, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার জন্য দেশের কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেদের নাম সরিয়ে নেয়া এখন আর নতুন নয়। এবার সেই তালিকায় নতুন নাম মাইকেল ব্রেসওয়েল। আসন্ন মৌসুমে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে বাদ দিয়ে অস্থায়ী চুক্তিতে নাম লিখিয়েছেন এই ক্রিকেটার। অপরদিকে বাংলাদেশের বিপক্ষে দারুণ পারফরম্যান্স করে ১১ বছর পর কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিলেন ৩৩ বছর বয়সী নিক কেলি।

নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতি প্রকাশ করে এমনটা জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট। আসন্ন বিগ ব্যাশ আসরে খেলার জন্যই মূলত কেন্দ্রীয় চুক্তি ছেড়েছেন ব্রেসওয়েল।

আগামী ২২ অক্টোবর থেকে নিউজিল্যান্ডে শুরু হচ্ছে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সেই সিরিজকে সামনে রেখে ক্রিকেট নিউজিল্যান্ডের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে ব্রেসওয়েল জানান ভারতের বিপক্ষে জাতীয় দলের জার্সিতে খেলার জন্য অধির আগ্রহে অপেক্ষা করছেন তিনি।

তিনি বলেন, 'ক্যারিয়ারের এই পর্যায়ে এসে এমন একটি সুযোগ গ্রহণ করার পেছনে নিউজিল্যান্ড ক্রিকেট যে সমর্থন দিয়েছে, তা আমার কাছে অনেক বড় বিষয়। কেবল সাদা বলের খেলোয়াড় হিসেবে এই সুযোগটি হাতছাড়া না করার মতো মনে হয়েছে। আমি এখনও ব্ল্যাকক্যাপসের প্রতি পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ এবং আসন্ন ভারত সফর ও ভবিষ্যতের সীমিত ওভারের সিরিজগুলোতে অংশ নিতে উন্মুখ হয়ে আছি।'

এদিকে দলে ডাক পাওয়া কেলি এর আগে এসে খেলেছিলেন বাংলাদেশে। এই বছরের শুরুতে চোট পাওয়া টম লাথামের স্থলাভিষিক্ত হয়ে বাংলাদেশের মাটিতে নেতৃত্ব দেন ব্ল্যাককেপসদের। তার নেতৃত্বেই ১-১ ব্যবধানে ড্র হয়েছিলো টি-টোয়েন্টি সিরিজ।

এমন ক্রিকেটারকে লম্বা সময় পর কেন্দ্রীয় চুক্তিতে জায়গা দিতে পেরে বেশ উচ্ছ্বসিত নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার। তিনি বলেন, 'গত কয়েক মৌসুম ধরে নিক ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করে আসছে, এবং ক্যারিয়ারের এই পর্যায়ে এসে তার প্রথম কেন্দ্রীয় চুক্তি অর্জন করাটা তার কঠোর পরিশ্রমেরই প্রমাণ। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কঠিন ব্যাটিং পরিস্থিতিতেও দুর্দান্ত পারফর্ম করে সে নিজেকে প্রমাণ করেছে।'

'তিনশরও বেশি পেশাদার ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার ঝুলিতে, পাশাপাশি সে দেশের অন্যতম সেরা ফিল্ডার। ফলে আমাদের চুক্তিবদ্ধ খেলোয়াড়দের দলে সে বেশ বড় কিছু যোগ করবে।'

জাতীয় দলে কেলির অভিষেক হয় ২০২৫ সালে, ৩২ বছর বয়সে। এখন অব্দি খেলেছেন ১৫ টি ম্যাচ। যার মাঝে ৮ টি আন্তর্জাতিক ওয়ানডে এবং ৭ টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি।

আরো পড়ুন: