শনিবার সিরিজের তৃতীয় ওয়ানডেতে নামান ধীরকে আউট করতে গিয়ে ক্যাচ নেয়ার সময় আঙুলে চোট পান ১৯ বছর বয়সী অ্যান্ড্রু। পরে হাসপাতালে নিয়ে তার স্ক্যান করানো হয়। স্বস্তির খবর, পরীক্ষায় কোনো চিড় ধরা পড়েনি। তবে ওয়েস্ট ইন্ডিজের সফল রান তাড়ায় ব্যাট করতে নামেননি তিনি।
অন্যদিকে ২৯ বছর বয়সী জাঙ্গুকে সাধারণত ওয়ানডের খেলোয়াড় হিসেবেই দেখা হয়। ২০২৪ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক অভিষেকের পর ওয়েস্ট ইন্ডিজের হয়ে সাতটি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। এই সংস্করণে ১৬৩ রান করেছেন জাঙ্গু, স্ট্রাইক রেট ১২০.৭৪।
সাম্প্রতিক সময়ে অবশ্য ওয়ানডেতে দুর্দান্ত ছন্দে ছিলেন জাঙ্গু। ভারতের বিপক্ষে তিন ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে অপরাজিত ৫৮, ১১৪ ও ৬৭ রান। মোট ২৩৯ রান করে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় তৃতীয় হয়েছেন তিনি। তার ওপরে ছিলেন শুভমান গিল ও শাই হোপ।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও শিরোপাজয়ী অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকনসের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন জাঙ্গু। আসরের ফাইনালে জ্যামাইকা কিংসমেনের বিপক্ষে ৩৪ বলে অপরাজিত ৫৭ রান করেন তিনি। চারটি চার ও তিনটি ছক্কায় সাজানো সেই ইনিংসে দলকে আট উইকেটের জয় এনে দিতে বড় ভূমিকা রাখেন এই ব্যাটার।
ভারত ও ওয়েস্ট ইন্ডিজের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে মঙ্গলবার। প্রথম ম্যাচ হবে লক্ষ্ণৌতে। এরপর ৯ অক্টোবর রাঁচি, ১১ অক্টোবর ইন্দোর, ১৪ অক্টোবর হায়দরাবাদ ও ১৭ অক্টোবর বেঙ্গালুরুতে হবে বাকি ম্যাচগুলো।