রিজওয়ানের মোবাইল নিয়ে তদন্ত, এবার হাজিরার নির্দেশ

পাকিস্তান ক্রিকেট
মোহাম্মদ রিজওয়ান, ফাইল ফটো
মোহাম্মদ রিজওয়ান, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
মোবাইল ফোন ফেরত চেয়ে মোহাম্মাদ রিজওয়ানের পাঠানো চিঠির জবাবে তাকে আগামী শুক্রবার হাজির হওয়ার নির্দেশ দিয়েছে পাকিস্তানের ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি (এনসিসিআইএ)। চলমান তদন্তে সংস্থাটিকে সহযোগিতা করতে বলা হয়েছে অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটারকে।

ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের ‘ইলেকট্রনিক ক্রাইমস অ্যাক্ট (২০১৬)’ লঙ্ঘনের সম্ভাবনা খতিয়ে দেখতে রিজওয়ানের বিরুদ্ধে তদন্ত চলছে। তবে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কী অভিযোগ রয়েছে, তা এখনো প্রকাশ করা হয়নি।

মঙ্গলবার পাঠানো আইনি চিঠিতে রিজওয়ান তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা জানাতে এনসিসিআইএকে অনুরোধ করেন। একই সঙ্গে তদন্তের জন্য জব্দ করা মোবাইল ফোনটিও ফেরত চান তিনি।

এর আগে এনসিসিআইএর বিরুদ্ধে লাহোর হাইকোর্টে রিট আবেদন করেছিলেন রিজওয়ান। তার দাবি ছিল, তাকে জিজ্ঞাসাবাদ করার এখতিয়ার সংস্থাটির নেই। বিষয়টি পাকিস্তান ক্রিকেটে কথিত অনলাইন বাজি বা জুয়ার তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট বলে আবেদনে উল্লেখ করেন তিনি।

তবে রিজওয়ানের আবেদন খারিজ করে তাকে এনসিসিআইয়ের তদন্তে সহযোগিতা করার নির্দেশ দেন লাহোর হাইকোর্ট। একই সঙ্গে সংস্থাটিকে তাকে হয়রানি না করার নির্দেশও দেওয়া হয়। জব্দ করা জিনিসপত্র, বিশেষ করে মোবাইল ফোন ফেরত পেতে সংশ্লিষ্ট আদালতের দ্বারস্থ হওয়ার অনুমতিও পান রিজওয়ান।

চিঠিতে রিজওয়ান জানান, আদালতের নির্দেশের পরও এনসিসিআইএ আনুষ্ঠানিকভাবে তার সঙ্গে যোগাযোগ করেনি। তদন্তের বিষয় লিখিতভাবে জানানো এবং কবে তাকে হাজির হতে হবে, সেটিও স্পষ্ট করার অনুরোধ করেন তিনি।

গত ৩১ আগস্ট লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট শেষ হওয়ার পর তার মোবাইল ফোনটি নেয় এনসিসিআইএ। তিন ঘণ্টার মধ্যে ফোন ফেরত দেওয়া হবে- এমন আশ্বাসে স্বেচ্ছায় ফোনটি জমা দিয়েছিলেন বলে চিঠিতে উল্লেখ করেন রিজওয়ান। কিন্তু চার সপ্তাহ পরও ফোনটি ফেরত দেওয়া হয়নি।

এনসিসিআইএর নির্দেশ অনুযায়ী আগামী শুক্রবার হাজির হতে রাজি আছেন রিজওয়ান। তবে তার আগে সংস্থাটিকে আবারও চিঠি দিয়ে নিজের বিরুদ্ধে থাকা অভিযোগ প্রকাশের দাবি জানাবেন তিনি।

আরো পড়ুন: