শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে নতুন দায়িত্ব শুরু করেন পিটারসেন। সেই সিরিজে লঙ্কানদের ৩-০ ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। দলের অনেক ক্রিকেটারই পিটারসেনকে আদর্শ মেনে বড় হয়েছেন। তাই তাকে পাশে পেয়ে রোমাঞ্চিত পুরো দল।
ব্রুক বলেন, 'কেপি খুব ভালো করছেন। এই ভূমিকা তিনি উপভোগ করছেন, বেশ আনন্দেই আছেন। আমাদের অনেকের বেড়ে ওঠার সময়ের নায়ক তিনি। তাই তার মতো একজন গুণী ব্যক্তিকে দলে পাওয়াটা দারুণ ব্যাপার।'
খেলোয়াড়ি জীবনে পেস ও স্পিন- দুই ধরনের বোলিংয়ের বিপক্ষেই সফল ছিলেন পিটারসেন। এখন নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে উত্তরসূরিদের স্পিন সামলানোর কৌশল শেখাচ্ছেন তিনি। ব্রুক জানান, স্পিনারের বলের লেংথ দ্রুত বুঝতে পারা এবং স্ট্রাইক ঘোরানো নিয়ে বেশি কাজ করছেন পিটারসেন।
ব্রুক আরো বলেন, 'এখন পর্যন্ত বেশির ভাগ কাজই ছিল স্পিনের লেংথ বোঝা নিয়ে। স্পিন মোকাবেলা ও যতটা সম্ভব ভালোভাবে স্ট্রাইক ঘোরানোর জন্য এটাই মূল চাবিকাঠি। ওয়ানডেতে দল হিসেবে এই জায়গায় আমাদের সম্ভবত উন্নতি করতে হবে। ম্যাচ জেতার ক্ষেত্রে এটি বড় পার্থক্য গড়ে দিতে পারে।'
স্পিন খেলার ক্ষেত্রে পিটারসেনের অভিজ্ঞতা থেকে নিজেদের খেলায় উন্নতি করতে চান ইংল্যান্ডের ব্যাটাররা। ব্রুকের মতে, জো রুট ও মার্কাস ট্রেসকোথিকের মতো ক্রিকেটারদের কাছ থেকেও কৌশল শেখার সুযোগ রয়েছে।
'পিটারসেন স্পিনের বিপক্ষে অসাধারণ খেলোয়াড় ছিলেন। রুট ও ট্রেসকোথিকও ছিলেন খুব ভালো। তাদের কাছ থেকে কৌশল শেখা এবং কোন বিষয়গুলো কাজে দিয়েছিল, তা জেনে নিজের খেলায় প্রয়োগ করাই মূল বিষয়।'