ভারতের এশিয়া কাপের ট্রফি পাকিস্তানে নিয়ে গেলেন নাকভি

নারী এশিয়া কাপ
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ফাইনালে শ্রীলঙ্কাকে ৭২ রানে হারিয়ে অষ্টমবারের মতো নারী এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিননাকভির কাছ থেকে ট্রফি নিতে রাজি না হওয়ায় চ্যাম্পিয়ন শিরোপা ছাড়া উদযাপন করতে হয়েছে হারমানপ্রীত কৌর-স্মৃতি মান্ধানাদের। ভারত না নেওয়ায় ট্রফিগুলো থাকার কথা ছিল এসিসির সদর দপ্তরে। তবে নতুন খবর হচ্ছে, ট্রফি পাকিস্তানে নিয়ে গেছেন নাকভি। বিশ্বস্ত একটি সূত্র ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছে।

বছরখানেক আগে ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বরে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এসিসির প্রধান হিসেবে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিতে মঞ্চে ছিলেন নাকভি। তবে পাকিস্তান ও এসিসির সভাপতির হাত থেকে ট্রফি নেননি সূর্যকুমার যাদবরা। পরবর্তীতে হাতে কল্পিত ট্রফি নিয়ে উদযাপন করেন তারা। এক বছর পর প্রায় একই চিত্র ঘটেছে। নাকভির কাছ থেকে রানার্স আপ প্রাইজমানি নিয়েছেন চামারি আত্তাপাত্তুরা।

প্রায় ঘণ্টা খানেক দেরিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হলেও নাকভির কাছ থেকে ট্রফি নেননি হারমানরা। এমনকি পদকও নেননি তারা। ভারতের প্রস্তাব ছিল এসিসির সহসভাপতি খালিদ আল জারুনির হাত থেকে ট্রফি নেবেন তারা। তবে বিসিসিআইয়ের এমন প্রস্তাবে রাজি হননি নাকভি। ফলে ট্রফি ছাড়াই উদযাপন করতে হয়েছে ভারতের ক্রিকেটারদের। গত বছর যখন সূর্যকুমাররা ট্রফি নেননি তখন সেটা শুরুতে এসিসি সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়।

যদিও একই বছরের অক্টোবরে ট্রফি আবুধাবিতে সরিয়ে নেওয়া হয়েছে। তবে ট্রফিটি কোথায় আছে সেটা একমাত্র নাকভি ছাড়া কেউই জানে না। সেই ট্রফি এখনো বিসিসিআইকে বুঝিয়ে দেননি নাকভি। ছেলেদের মতো মেয়েদের চ্যাম্পিয়ন শিরোপাটাও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও এসিসির চেয়ারম্যানের কাছে রয়েছে। জানা গেছে, আবুধাবি থেকে ছেলেদের ট্রফিটা সরিয়ে পাকিস্তানে নিয়ে গেছেন নাকভি।

ছেলেদের পাশাপাশি মেয়েদের ট্রফিও পাকিস্তানে নিয়ে যাওয়া হয়েছে। বিসিসিআই এখনো তাদের সিদ্ধান্তে অনড় রয়েছে যে তারা নাকভির হাত থেকে ট্রফি নেবেন না। এদিকে নাকভিও কম যান না। সভাপতি হিসেবে তিনিই চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেবেন। নাকভির দাবি, রাজনীতিকে দূরে সরিয়ে এসিসি সভাপতির কাছ থেকেই ট্রফি নিতে হবে। সেটা করতে রাজি না হলে ট্রফি তার অধীনেই থাকবে।

আরো পড়ুন: