ফলে আনুষ্ঠানিকভাবে নতুন প্রধান নির্বাচক খুঁজতে নামতে হচ্ছে বিসিসিআইকে। আগারকারের ঘনিষ্ট একটি সূত্র ইন্ডিয়া টুডেকে জানিয়েছে বিসিসিআইয়ের হাই প্রোফাইল এই পদে আর থাকার ইচ্ছে নেই আগারকারের। আগামী ৪ অক্টোবর আগারকারের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে বিসিসিআইয়ের।
এর আগে শুক্রবার অনুষ্ঠিত হয়েছে বিসিসিআইয়ের ৯৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)। সেখানেই আগারকারকে নিয়ে সিদ্ধান্ত নেয়ার ভার দেয়া হয় বোর্ডের কর্মকর্তাদের। সভা শেষে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেন, ‘নির্বাচক কমিটি–সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য কর্মকর্তাদের অনুমোদন দেয়া হয়েছে।’
আগারকারের ভবিষ্যৎ নিয়ে আলোচনা ছাড়াও বিসিসিআইকে জুনিয়র নির্বাচক কমিটির পাঁচটি পদও পূরণ করতে হবে। এ পদের জন্য ইতিমধ্যে বিপুলসংখ্যক আবেদন জমা পড়েছে বলে জানিয়েছেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। আবেদনগুলো বাছাই করে আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে প্রক্রিয়াটি শেষ করতে চায় বিসিসিআই।
এরপর ক্রিকেট কমিটির কাছে বাছাই করা প্রার্থীদের তালিকা দেয়া হবে। তারাই জুনিয়র নির্বাচক কমিটির সদস্যদের নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এজিএমে বিসিসিআইয়ের সদস্য রাজ্য ক্রিকেট সংস্থাগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের হয়ে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী এবং কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের হয়ে সাবেক পেসার ভেঙ্কটেশ প্রসাদও উপস্থিত ছিলেন।