ঐতিহাসিক ম্যাচে জাপানের বিপক্ষে খেলবে বিশ্বচ্যাম্পিয়ন ভারত

এশিয়ান গেমস
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ভারত-জাপান কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উদ্‌যাপনের অংশ হিসেবে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে মুখোমুখি হবে দুই দেশের পুরুষ দল। আগামী ২২ সেপ্টেম্বর জাপানের তোচিগি প্রিফেকচারের সানো ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে। দুই দেশের ক্রিকেট ইতিহাসে এটিই হবে প্রথম আন্তর্জাতিক ম্যাচ।

ভারতের ২০৩৬ সালের অলিম্পিক ও প্যারালিম্পিক আয়োজনের পরিকল্পনাকে সামনে রেখে ‘স্পোর্ট ৭৫’ উদ্যোগেরও সূচনা হবে এই ম্যাচ দিয়ে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকে হওয়া সমঝোতার ভিত্তিতে নেওয়া এই উদ্যোগের লক্ষ্য দুই দেশের মধ্যে খেলাধুলার মাধ্যমে মানুষের যোগাযোগ ও সহযোগিতা বাড়ানো।

এই ঐতিহাসিক ম্যাচ নিয়ে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) সচিব দেবজিৎ সাইকিয়া বলেন, 'জাপানে ভারতের হয়ে বিশেষ এই টি-টোয়েন্টিতে অংশ নিতে পেরে তারা আনন্দিত। তাঁর মতে, ক্রিকেটের জন্য এটি গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। এর মাধ্যমে ভারতীয় দল নতুন একটি ভূখণ্ডে খেলবে এবং জাপান ও পূর্ব এশিয়ার আরও বড় দর্শকের কাছে ক্রিকেটকে পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হবে।'

সাইকিয়া আরও বলেন, 'ভারত ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ৭৫ বছর পূর্তির আয়োজনে ক্রিকেটকে যুক্ত করতে পেরে বিসিসিআই খুশি। ক্রিকেটকে প্রচলিত অঞ্চলগুলোর বাইরে আরও ছড়িয়ে দেওয়ার দায়িত্বও গুরুত্বের সঙ্গে দেখছে ভারত।' জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশনের (জেসিএ) সঙ্গে কাজ করে দেশটিতে ক্রিকেটের বিকাশ ও দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যয়ও জানিয়েছেন তিনি।

জেসিএর প্রধান নির্বাহী নাওকি মিয়াজিও ম্যাচটিকে জাপানের ক্রিকেটের জন্য মাইলফলক হিসেবে দেখছেন। বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে জাপানের মাটিতে খেলতে আমন্ত্রণ জানাতে পারাকে তিনি নিজেদের জন্য বিশেষ অর্জন হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে এই ম্যাচে ভারতীয় ক্রিকেট সমর্থকদের উচ্ছ্বাসের পাশাপাশি স্থানীয় জাপানিদেরও মাঠে এসে ক্রিকেট উপভোগ করার আহ্বান জানিয়েছেন তিনি।

ভারত-জাপানের এই ম্যাচ তাই শুধু একটি টি-টোয়েন্টি নয়; দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তির আয়োজনে ক্রিকেটের মাধ্যমে নতুন এক অধ্যায়ের সূচনাও হতে যাচ্ছে।

আরো পড়ুন: