ট্রান্সজেন্ডার ক্রিকেটারকে নারী ক্রিকেটে খেলার অনুমতি, 'একেবারেই হাস্যকর' বললেন ক্যাপ

নারী ক্রিকেট
আনায়া বাংগার, ফাইল ফটো
আনায়া বাংগার, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
নারী ক্রিকেটে ট্রান্সজেন্ডার ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে বিতর্ক নতুন মাত্রা পেয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) একটি সিদ্ধান্তে। ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় বাংগারের সন্তান আনায়া বাংগারকে অস্ট্রেলিয়ার কমিউনিটি ক্রিকেটে খেলার অনুমতি দিয়েছে সিএ। শুধু তাই নয়, নীতিমালার নির্ধারিত শর্ত পূরণ করতে পারলে আগামী মার্চ থেকে এলিট নারী ক্রিকেটে খেলার যোগ্যতাও অর্জন করতে পারেন তিনি। আর এই সিদ্ধান্ত নিয়েই সরাসরি আপত্তি তুলেছেন সাউথ আফ্রিকার তারকা অলরাউন্ডার মারিজানে কেপ।

২৫ বছর বয়সী আনায়া ২০২৬ সালের মার্চে জেন্ডার-অ্যাফার্মিং সার্জারি করিয়েছেন। এর আগে মুম্বাইয়ের বয়সভিত্তিক পুরুষ ক্রিকেটে খেলেছেন তিনি। সিএ জানিয়েছে, আনায়ার বিষয়টি সিদ্ধান্ত নেওয়ার আগে তার চিকিৎসা-ইতিহাস, হরমোনের মাত্রা, ক্রিকেটীয় পটভূমি এবং সংশ্লিষ্ট বৈজ্ঞানিক গবেষণা পর্যালোচনা করা হয়েছে। ম্যানচেস্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব স্পোর্টের গবেষণাও ছিল সেই প্রক্রিয়ার অংশ।

তবে এতসব মূল্যায়নের পরও সিএর সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না কেপ। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটার লিখেছেন, 'একেবারেই হাস্যকর। এটা কোনোভাবেই অনুমোদন করা উচিত নয়।' মাত্র দুই লাইনের এই মন্তব্যেই নারী ক্রিকেটে আনায়ার অংশগ্রহণের সিদ্ধান্ত ঘিরে তৈরি হওয়া বিতর্কের তীব্রতা স্পষ্ট হয়েছে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার নীতিমালায় এলিট নারী ক্রিকেটে খেলার জন্য টানা অন্তত ১২ মাস সিরাম টেস্টোস্টেরনের মাত্রা প্রতি লিটারে ১০ ন্যানোমোলের নিচে থাকার শর্ত রয়েছে। আনায়ার সর্বশেষ রক্ত পরীক্ষায় টেস্টোস্টেরনের মাত্রা পাওয়া গেছে ০.৬ ন্যানোমোল, যা নারী রেফারেন্স রেঞ্জের মধ্যে। তবে এলিট ক্রিকেটে খেলার চূড়ান্ত যোগ্যতা নির্ধারণে মার্চ ২০২৭-এ আবারও তার টেস্ট হবে।

এখানেই গুরুত্বপূর্ণ বিষয়- সিএ এখনই আনায়াকে কোনো দলে জায়গা দেয়নি। ২৬ আগস্ট মুম্বাইয়ে সংবাদ সম্মেলনে আনায়াও বিষয়টি পরিষ্কার করেছেন। তিনি বলেন, 'যোগ্যতা পাওয়া আর নির্বাচিত হওয়া এক বিষয় নয়। ক্রিকেট অস্ট্রেলিয়া আমাকে একটি পথ করে দিয়েছে, এর অর্থ এই নয় যে আমাকে কোনো দলে জায়গা দেওয়া হয়েছে।' অর্থাৎ পারফরম্যান্স ও অনুশীলনের মাধ্যমে জায়গা করে নেওয়ার লড়াই তাকেও করতে হবে।

মার্চ ২০২৭ পর্যন্ত অস্ট্রেলিয়ার যেকোনো রাজ্য বা অঞ্চলের কমিউনিটি ক্রিকেটে খেলতে পারবেন আনায়া। নির্ধারিত পরীক্ষায় নীতিমালার শর্ত পূরণ করতে পারলে এরপর এলিট নারী ক্রিকেটে নির্বাচনের জন্য বিবেচিত হওয়ার যোগ্যতা পাবেন।

আরো পড়ুন: