এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন ফারিহা, বদলি ফারজানা

নারী এশিয়া কাপ
বিসিবি
বিসিবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
এশিয়া কাপ ও এশিয়ান গেমস খেলতে যাওয়ার আগে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিক ফটো সেশন করেছেন ক্রিকেটাররা। এশিয়ার সেরা হওয়ার লড়াইয়ে যাওয়ার আগে বাংলাদেশ নারী দলের ক্রিকেটারদের মুখে হাসির ঝিলিক। সতীর্থদের সঙ্গে ফটো সেশনে ছিলেন ফারিহা ইসলাম তৃষ্ণাও।

পেছনের সারিতে সোবহানা মোস্তারির ডানে হাসি মুখেই দাঁড়িয়েছিলেন বাঁহাতি এই পেসার। তবে ফারিহার সেই হাসি খুব বেশি দীর্ঘস্থায়ী হলো না। সবার সঙ্গে ছবি তুললেও নারী এশিয়া কাপ ও এশিয়ান গেমস খেলতে যাওয়া হচ্ছে না তার। উরুর গ্রেড টু টিয়ার চোটে ছিটকে গেছেন বাংলাদেশের পেসার।

এমআরআই স্ক্যানের পর ফারিহার চোটের বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিবৃতিতে জানানো হয়েছে, চোট থেকে সেরে উঠতে প্রায় ৪ থেকে ৬ সপ্তাহ সময় লাগবে। ফলে গুরুত্বপূর্ণ দুই টুর্নামেন্টে খেলা হচ্ছে না তার। ফারিহার বদলি হিসেবে সুযোগ পেয়েছেন আনক্যাপড পেসার ফারজানা ইয়াসমিন।

আগামী ২৮ আগষ্ট দুবাইয়ে পর্দা উঠবে ৮ দলের নারী এশিয়া কাপের। টুর্নামেন্ট খেলার জন্য ২৬ আগষ্ট বিকেলে দুবাইয়ের বিমান ধরবেন বাংলাদেশের মেয়েরা। ৩১ আগষ্ট ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের এশিয়া কাপের মিশন শুরু হবে। ৬ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও ৮ সেপ্টেম্বর বাংলাদেশ খেলবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।

পয়েন্ট টেবিলের সেরা দুইটি দল সুযোগ পাবে সেমিফাইনালে। এশিয়া কাপ শেষে জাপানে এশিয়ান গেমস খেলতে যাবেন নিগার সুলতানা জ্যোতিরা। ১৭ সেপ্টেম্বর থেকে এশিয়ান গেমসে শুরু হবে ক্রিকেটের লড়াই। কোয়ার্টার ফাইনালে সরাসরি খেলা বাংলাদেশের প্রতিপক্ষ চীন। এরপর সেমিফাইনাল পেরোতে পারলে স্বর্ণের জন্য লড়াই করতে পারবে বাংলাদেশ।

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশের স্কোয়াড— নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, সানজিদা আক্তার মেঘলা, সুলতানা খাতুন, দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, শারমিন সুলতানা এবং ফারজানা ইয়াসমিন।

আরো পড়ুন: