বিশেষ করে যেখানে ব্যাটসম্যান, পেসার ও স্পিনার সবাই নিজেদের দক্ষতা দেখানোর সুযোগ পাবেন। ভারত-শ্রীলঙ্কার মধ্যকার টেস্ট সিরিজে দুই দলের বোলাররা শিকার করেছেন ৬৭ উইকেট। এর মধ্যে পেসাররাই নিয়েছেন ২৪ উইকেট। মোট উইকেটের ৩৬ শতাংশ উইকেট নিয়েছেন তারা। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন আসিথা ফার্নান্দো।
তার শিকার ১০ উইকেট। তিনি ২০ গড়ে উইকেট নিয়েছেন। এমনকি ব্যাটাররাও এই উইকেট থেকে দারুণ সুবিধা পেয়েছেন। দুই ম্যাচে মোট ৬টি সেঞ্চুরি দেখা গেছে। এর মধ্যে শ্রীলঙ্কার সোনাল দিনুশা একাই করেছেন তিনটি সেঞ্চুরি। ভারতের দেবদূত পাডিকাল দুটি ও ধ্রুব জুরেল করেছেন একটি সেঞ্চুরি। এর ফলেই এমন উইকেট নিয়ে ইতিবাচক কারস্টেন।
তিনি বলেছেন, ‘আমি এমন উইকেট তৈরির পক্ষে নই, যেখানে শুধু স্পিনারদের জন্য সুবিধা থাকবে। আমরা এমন উইকেট চাই, যেখানে পেসারদের দিয়েও ম্যাচ জেতা সম্ভব। এভাবেই একটি ক্রিকেট দল তৈরি হয়—সব ধরনের কন্ডিশনে খেলতে খেলতে।’
তিনি আরও যোগ করেন, ‘এই সিরিজের জন্য যে দুটি উইকেট তৈরি করা হয়েছিল, তাতে আমি খুবই মুগ্ধ। এগুলো ছিল পরিশ্রম দাবি করা টেস্ট উইকেট, সরাসরি ফল এনে দেওয়ার মতো উইকেট নয়। আমরা চেয়েছিলাম আমাদের ব্যাটসম্যানেরা ব্যাটিং করতে পারুক। স্পিনারদেরও পরিশ্রম করতে হয়েছে, পাশাপাশি পেসাররাও ম্যাচে ছিল।’
গলে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার ১০ উইকেটের ৭টিই নিয়েছেন পেসাররা। এই বিষয়টিই কারস্টেনকে সবচেয়ে বেশি আশাবাদী করেছে। তার ভাষায়, ‘গলের দ্বিতীয় ইনিংসে আমাদের পেসাররা ১০টির মধ্যে ৭ উইকেট নিয়েছে। আমাদের পেসাররা যে খেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, এটা আমাকে খুব উৎসাহিত করেছে। আমি এটাকে আরও এগিয়ে নিতে চাই।’
শ্রীলঙ্কার পেসার আসিথার পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন কারস্টেন। তিনি এই পেসারকে প্রশংসায় ভাসিয়েছেন। এই পেসার সামনে আরও ভালো ভালো পারফরম্যান্স উপহার দেবেন বলেও বিশ্বাস লঙ্কান এই কোচের। তবে আসিথার পাশে আর কোনো কার্যকর পেসার না থাকা শ্রীলঙ্কার জন্য গভীর চিন্তার। আসিথার পাশাপাশি লাহিরু কুমারা মাত্র ৩ উইকেট নিয়েছে সিরিজে।
আসিথাকে নিয়ে কারস্টেন বলেন, ‘সে বিশ্বমানের বোলার এবং এই সিরিজে দারুণ বোলিং করেছে। সে নিজের সেরা ছন্দে ছিল। তবে আমাদের তাকে আরও সহায়তা দিতে হবে। শুধু একজনের ওপর নির্ভর করে থাকা যাবে না। কীভাবে ২০ উইকেট নেওয়া যায় এবং শুধু স্পিনের ওপর নির্ভর না করে কীভাবে তা করা যায়, সেটি নিয়ে আমরা অনেক কাজ করব।’