সম্প্রতি তরুণ ক্রিকেটারদের শৃঙ্খলা নিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ও বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়াকে (বিসিসিআই) আরও কঠোর হওয়ার পরামর্শ দেন মাঞ্জরেকার। আলোচনায় তিনি বৈভবের পাশাপাশি ইয়াশভি জয়সাওয়ালের সাম্প্রতিক ঘটনাও টেনে আনেন। তার বক্তব্যের পরই পাল্টা প্রতিক্রিয়া জানান বৈভব।
সামাজিক যোগাযোগমাধ্যমে বৈভব লেখেন, 'এই বিষাক্ততা, বালখিল্য কথাবার্তা আর তিক্ত আচরণ যথেষ্ট হয়েছে। অন্যকে উপদেশ দেওয়ার আগে পুরো ঘটনাটা জেনে নিন।'
বৈভবের এমন প্রতিক্রিয়ার পেছনে রয়েছে গত জুনের একটি ঘটনা। শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে ম্যাচ শেষে মাঠ ছাড়ার সময় বিশেন হালাম্বাগেকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। ম্যাচটি সুপার ওভারে হেরেছিল ভারত ‘এ’। পরে অবশ্য ওই ঘটনার জন্য বৈভবকে কোনো শাস্তি দেয়া হয়নি।
এ ঘটনাকে সামনে রেখে মাঞ্জরেকার বলেছিলেন, 'ভারত ‘এ’ দলের হয়ে সম্প্রতি বৈভব, আর এখন জয়সাওয়াল- এ ধরনের আচরণে যদি বারবার তাদের ছাড় দেয়া হয়, তাহলে এমন আচরণের পুনরাবৃত্তি করতেই তাদের শেখানো হয়। এটি খেলার জন্য ভালো নয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, তাদের নিজেদের ভবিষ্যতের জন্যও এটি ভালো নয়।'
এর মধ্যেই জয়সাওয়ালকে ঘিরে ঘটে আরেকটি বিতর্ক। কলম্বো টেস্টে আসিথা ফার্নান্ডোর বলে আউট হওয়ার পর শ্রীলঙ্কার পেসারের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়ান ভারতের এই ব্যাটার। একপর্যায়ে দুজনের মাথায় মাথায় সংঘর্ষও হয়। ঘটনার জেরে দুজনকেই ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা এবং একটি করে ডিমেরিট পয়েন্ট দেয় আইসিসি।
পরে নিজের অবস্থান ব্যাখ্যা করে ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলের একটি ভিডিওর জবাবে জয়সাওয়ালও সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, 'সে কী বলেছে, তা যদি না জানেন, তাহলে দয়া করে বিচার করবেন না। কেউ সীমা ছাড়িয়ে গেলে তাকে সেটা জানাতে হবে। এই ভারত লড়বে এবং জবাব দেবে।'