ইংল্যান্ডের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং নিজেই হাসিকে প্রস্তাব দিয়েছেন বলে সম্প্রতি খবর প্রকাশিত হয়। এর আগে চেন্নাইয়ের ব্যাটিং কোচ হিসেবেও কাজ করেছেন হাসি। ফ্লেমিংয়ের সঙ্গে তার দীর্ঘদিনের কাজের সম্পর্ক থাকায় ইংল্যান্ডের প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে দেখছেন তিনি।
হাসিও বিষয়টি গোপন রাখেননি। তিনি বলেন, 'আমাদের মধ্যে বোঝাপড়া বেশ ভালো। একসঙ্গে অনেক কাজও করেছি। সাধারণ কথাবার্তা হয়েছে আমাদের মধ্যে। ফ্লেমিং জিজ্ঞাসা করেছিল আমি ইংল্যান্ডের ব্যাটিং কোচ হতে চাই কি না।'
ইংল্যান্ডের আগ্রহের খবর প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। নিজেদের সাবেক তারকাকে এবার জাতীয় দলের ব্যাটিং কোচ করতে চায় তারা। ইংল্যান্ডের আগে হাসিকে দলে ভেড়াতে দ্রুতই আলোচনা এগিয়ে নিতে চাইছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
হাসিকে নিয়ে দুই দেশের আগ্রহের পেছনে বড় কারণ তাদের সাম্প্রতিক ব্যাটিং দুর্বলতা। পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠেছে। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টেও অস্ট্রেলিয়ার ব্যাটিং ছিল হতাশাজনক। এমন পরিস্থিতিতে হাসির অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইছে দুই দল।
তবে ইংল্যান্ডে হাসির যোগ দেওয়া নিয়ে আপত্তি জানিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্ত। তার পরামর্শ, ফ্লেমিংয়ের সঙ্গে আবারও কাজ করতে ইংল্যান্ডে যাওয়া উচিত হবে না হাসির। শ্রীকান্ত বলেন, 'হাসিকে একটাই কথা বলতে চাই, একই ভুল কোরো না। আবার ফ্লেমিংয়ের সঙ্গে কাজ করার কী দরকার। ফ্লেমিং যেখানেই যাবে সেখানেই হাসিকে নিয়ে যাবে, এটা হতে পারে নাকি।'