ত্রিনিদাদের পোর্ট অব স্পেনে বৃষ্টি বাগড়া দেওয়ায় টস হতে ১৫ মিনিট দেরি হয়। টস জিতে ব্যাটিংয়ে নেমে আক্রমণাত্বক ব্যাটিংয়ে রান তুলতে থাকেন কিং। অনেকটা টি-টোয়েন্টি মেজাজে খেলার চেষ্টা করেছেন ডানহাতি এই ওপেনার। একটা সময় বলের চেয়ে রান বেশি ছিল তার। আরেক ওপেনার ত্যাগনারায়ন চন্দরপল অবশ্য খানিকটা ধীরগতির ছিলেন।
প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও সুবিধা করতে পারেননি তিনি। মোহাম্মদ আলীর শর্ট ডেলিভারিতে পুল করতে গিয়ে ফাইন লেগে সাজিদ খানের হাতে ক্যাচ দিয়েছেন ৩২ বলে ১৫ রান করা ত্যাগনারায়ন। আক্রমণাত্বক ব্যাটিং করলেও হাফ সেঞ্চুরি পাওয়া হয়নি কিংয়ের। স্পিনার আলী উসমানের বলে ব্যাকফুটে গিয়ে খেলার চেষ্টায় লেগ বিফোর উইকেট হয়েছেন তিনি।
৯ চারে ৫০ বলে ৪৬ রানের ইনিংস খেলেছেন কিং। দলের রান একশ ছোঁয়ার আগে ফিরেছেন কাভিম হজ। স্পিনার সাজিদের বলে সুইপ করতে গিয়ে এজ হয়ে মোহাম্মদ রিজওয়ানকে ক্যাচ দিয়েছেন তিনি। আম্পায়ার শুরুতে আউট না দিলেও রিভিউ নিয়ে ১০ রান করা হজকে ফেরায় পাকিস্তান। আমির জাঙ্গুও প্রত্যাশিত ইনিংস খেলতে পারেননি। উবাইদ শাহর লেগ স্টাম্পের অনেকটা বাইরের বল খেলতে গিয়ে এজ হয়েছেন তিনি।
রিজওয়ানের দারুণ ক্যাচে জাঙ্গুকে ফিরতে হয় ২৬ রানে। শাই হোপ ভালো শুরু পেলেও ইনিংসটা বড় করতে পারেননি। আলীর ভেতরে ঢোকা ডেলিভারিতে ইনসাইড এজে বোল্ড হয়েছেন ২৯ রান করা হোপ। দিনের বাকিটা সময় অবশ্য অনায়াসে কাটিয়েছেন গ্রিভস ও রস্টন চেজ। দুজনে মিলে গড়েছেন ৬৬ রানের জুটি। ৯২ বলে হাফ সেঞ্চুরি পাওয়া গ্রিভস ৬৬ ও চেজ অপরাজিত ৩৬ রানে। পাকিস্তানের হয়ে আলী নিয়েছেন দুইটি উইকেট।