প্রথম দিন ব্যাট হাতে নেয়ার পর দেখা স্বপ্ন পূরণ হলো: সূর্যবংশী

ভারত ক্রিকেট
বৈভব সূর্যবংশী, বিসিসিআই
বৈভব সূর্যবংশী, বিসিসিআই
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
গত দেড় বছর ধরে যেন একটা স্বপ্নের মধ্যে আছেন বৈভব সূর্যবংশী। ১৫ বছর বয়সেই জাতীয় দলে ডাক পেয়ে সেই স্বপ্নের পুর্ণতা দিতে চলেছেন তিনি। মাত্র ১৩ বছর বয়সে সিনিয়র ক্রিকেটে অভিষেকের দুই বছরের কিছু বেশি সময়ের মধ্যেই বয়সভিত্তিক ও ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে রান করে আলোচনায় আসা এই বাঁহাতি ব্যাটার এবার গায়ে জড়ালেন ভারতের জার্সি। আনুষ্ঠানিকভাবে জার্সি বুঝে পাবার পর নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় ধাপটি সম্পন্ন হয়েছে বলে জানান এই বিস্ময় বালক।

আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) প্রথমবারের মতো সূর্যবংশীর ভারতীয় জার্সি পরিহিত একটি ভিডিও প্রকাশ করে। ১৫ বছর বয়সী এই ক্রিকেটারকে ঘিরে ইতোমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা। ভিডিওটির ক্যাপশনে বিসিসিআই লিখেছে, 'যে মুহূর্তের জন্য গোটা দেশ অপেক্ষা করছিল, সেটি এসে গেছে। টিম ইন্ডিয়ার জার্সিতে বৈভব সূর্যবংশী।'

মাত্র ১৫ বছর ৭৯ দিন বয়সে ভারতের টি-টোয়েন্টি দলে জায়গা পাওয়া সূর্যবংশী এখন ভারতের হয়ে সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড গড়ার দৌড়ে আছেন। বর্তমানে এই রেকর্ডটি ৩৭ বছর ধরে ধরে রেখেছেন কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকার।

ভারতীয় জার্সি হাতে পাওয়ার অনুভূতি জানাতে গিয়ে সূর্যবংশী বলেন, 'এই অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। যেদিন প্রথম ব্যাট হাতে নিয়েছিলাম এবং অনুশীলনের জন্য মাঠে গিয়েছিলাম, সেদিন থেকেই এই স্বপ্ন দেখেছি। আজ সেই স্বপ্ন পূরণ হয়েছে। আমার যাত্রার সবচেয়ে বড় ধাপটি সম্পন্ন হয়েছে।'

তিনি আরও বলেন, 'জার্সিটা প্রথম দেখার মুহূর্তটা স্বপ্নের মতো মনে হয়েছিল। আমি হাসি থামাতে পারছিলাম না। জীবনে কিছু ঘটনা ঘটে, যেগুলো কখনো কল্পনাও করা যায় না। যখন সেগুলো সত্যি হয়, তখন কীভাবে প্রতিক্রিয়া জানাতে হবে সেটাও বোঝা যায় না। আমার অনুভূতিটাও ঠিক তেমন ছিল।'

সম্প্রতি শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মাত্র ২৯ বলে ৯৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েন সূর্যবংশী। তার আগে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ৮০ বলে ১৭৫ রানের দুর্দান্ত ইনিংস খেলে ভারতকে শিরোপা জিতিয়েছিলেন তিনি। এছাড়া এবারের আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক, সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরষ্কারসহ মোট পাঁচটি পুরষ্কার জেতেন এই ব্যাটার।

সব মিলিয়ে, অল্প সময়ের মধ্যেই ভারতীয় ক্রিকেটের তথা বিশ্ব ক্রিকেটের সবচেয়ে আলোচিত ক্রিকেটারে পরিণত হওয়া সূর্যবংশী এখন আন্তর্জাতিক মঞ্চে নিজের প্রতিভার প্রমাণ দেওয়ার অপেক্ষায়।

আরো পড়ুন: