ওয়ানডে দলে ফিরলেন বুমরাহ-কোহলি, সেঞ্চুরি করেও বাদ জয়সাওয়াল

ইংল্যান্ড-ভারত সিরিজ
ভারতীয় ক্রিকেট দল, ফাইল ফটো
ভারতীয় ক্রিকেট দল, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ইংল্যান্ড সফরের জন্য তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। দলে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন শুভমান গিল, আর সহ-অধিনায়ক করা হয়েছে শ্রেয়াস আইয়ারকে। তবে দলে থাকা বিরাট কোহলির খেলা নির্ভর করছে তার ফিটনেস ছাড়পত্রের ওপর। আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ ওয়ানডেতে শতক হাঁকানোর পরও দল থেকে বাদ পড়েছেন ইয়াশভি জয়সাওয়াল।

দুই অভিজ্ঞ ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলিকে নিয়েই ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে নামবে ভারত। উইকেটকিপার হিসেবে দলে আছেন লোকেশ রাহুল ও ইশান কিশান। অলরাউন্ডার বিভাগে জায়গা পেয়েছেন ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল ও নীতিশ কুমার রেড্ডি। স্পিন আক্রমণের নেতৃত্বে থাকবেন কুলদীপ যাদব, আর পেস আক্রমণে আছেন জাসপ্রিত বুমরাহ, প্রসিধ কৃষ্ণা, হর্ষিত রানা, আর্শদীপ সিং ও গুরনুর ব্রার।

ইংল্যান্ড সফরে তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৪, ১৬ ও ১৯ জুলাই। প্রথম ম্যাচ বার্মিংহামের এজবাস্টনে, দ্বিতীয়টি কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে এবং সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ঐতিহাসিক লর্ডসে।

এদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত দলে পরিবর্তন এসেছে। চোটের কারণে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন স্পিনার বরুণ চক্রবর্তী। আইপিএল চলাকালীন বাম পায়ে পাওয়া চোট থেকে এখনও পুরোপুরি সেরে না ওঠায় তিনি বর্তমানে বিসিসিআইয়ের সেন্টার অব এক্সেলেন্সে পুনর্বাসন প্রক্রিয়ার শেষ ধাপে রয়েছেন। ওই সিরিজে অধিনায়কত্ব করবেন শ্রেয়াস আইয়ার, সহ-অধিনায়ক তিলক ভার্মা।

আয়ারল্যান্ড সিরিজের টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, শিবম দুবে, রবি বিষ্ণোই, বৈভব সূর্যবংশীসহ কয়েকজন তরুণ ক্রিকেটার। সিরিজ দুটি সামনে রেখে অভিজ্ঞতা ও তরুণদের সমন্বয়ে ভারসাম্যপূর্ণ দল গড়েছে ভারত।

ইংল্যান্ড সিরিজের জন্য ভারতের ওয়ানডে দলঃ শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল (উইকেটরক্ষক), ইশান কিশান (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, নীতীশ কুমার রেড্ডি, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ, প্রসিধ কৃষ্ণা, হর্ষিত রানা, অর্শদীপ সিং, গুরনূর ব্রার।

আরো পড়ুন: