শৃঙ্খলাভঙ্গের ঘটনায় অধিনায়ক বেন স্টোকস ও পেসার গাস অ্যাটকিনসনকে এই ম্যাচ থেকে বাইরে রাখা হয়েছে। অন্যদিকে হাঁটুর চোটের কারণে ছিটকে গেছেন অলি রবিনসন। ফলে লর্ডসে সিরিজের প্রথম টেস্ট জেতা একাদশে অন্তত চারটি পরিবর্তন আনতে বাধ্য হয়েছে ইংল্যান্ড। স্টোকসের অনুপস্থিতিতে অন্তর্বর্তীকালীন অধিনায়কের দায়িত্ব পালন করবেন জো রুট।
এসেক্সের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ডাবল সেঞ্চুরি করার পুরস্কার হিসেবে টেস্ট দলে সুযোগ পেয়েছেন জর্ডান কক্স। দীর্ঘদিন ধরেই ইংল্যান্ডের নির্বাচকদের নজরে থাকা এই ব্যাটারকে সাত নম্বরে খেলানোর পরিকল্পনা ম্যানেজমেন্টের। অন্যদিকে ২৩ বছর বয়সী পেসার সনি বেকারও প্রথমবারের মতো টেস্ট ক্যাপ পেতে যাচ্ছেন। প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম তার প্রশংসা করে বলেছেন, বেকারের গতি, সুইং ও আক্রমণাত্মক মনোভাব ইংল্যান্ডের ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে দারুণভাবে মানানসই।
উইকেটরক্ষক জেমি স্মিথ দ্বিতীয় সন্তানের জন্ম উপলক্ষে পিতৃত্বকালীন ছুটিতে গেলে সমারসেটের জেমস রিউও অভিষেকের সুযোগ পেতে পারেন। তবে স্মিথকে রেখেই আপাতত একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড। জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডের অবসরের পর নতুন প্রজন্মের পেস আক্রমণ গড়ে তোলার পথে এই সিরিজকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন ম্যাককালাম। তার মতে, অভিজ্ঞতা কম হলেও এই বোলিং আক্রমণে রয়েছে প্রচুর সম্ভাবনা।
ম্যাককালাম বলেন, 'আমরা জানতাম, আমাদের লক্ষ্য ছিল শক্তিশালী একদল ফাস্ট বোলার তৈরি করা। এই সপ্তাহে যে বোলিং আক্রমণ নিয়ে আমরা মাঠে নামছি, তা সত্যিই রোমাঞ্চকর। এতে সাফল্যের নিশ্চয়তা নেই, তবে আমরা কোথায় দাঁড়িয়ে আছি, সেটার প্রথম প্রকৃত পরীক্ষা হতে যাচ্ছে এটি। আমি নীরবে আশাবাদী যে আমরা দারুণ কিছু ক্রিকেট দেখতে পাব।'
অন্যদিকে নিউজিল্যান্ড এখনো তাদের একাদশ ঘোষণা করেনি। তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়া কেন উইলিয়ামসনের জায়গায় হেনরি নিকোলস কিংবা উইল ইয়ংয়ের মধ্যে একজন তিন নম্বরে খেলতে পারেন।
ইংল্যান্ডের দ্বিতীয় টেস্টের একাদশ: এমিলিও গে, বেন ডাকেট, জ্যাকব বেথেল, জো রুট (অধিনায়ক), হ্যারি ব্রুক, জেমি স্মিথ (উইকেটরক্ষক), জর্ডান কক্স, জোফরা আর্চার, জশ টাং, ম্যাট ফিশার ও সনি বেকার।