আমি প্রশ্নকে ভয় পাই না, মিডিয়াকেও না: রিজওয়ান

পাকিস্তান ক্রিকেট
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
মোহাম্মদ রিজওয়ানের মতো সময়টা খারাপ যাচ্ছে পিন্ডিজের। প্রথমবারের মতো পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে এসে এখনো পর্যন্ত জয় পায়নি ফ্র্যাঞ্চাইজিটি। নিজেদের খেলা প্রথম সাত ম্যাচের সবকটিতে হারতে হয়েছে তাদের। লাহোর কালান্দার্সের বিপক্ষে হারের পর পিএসএলের চলতি আসর থেকে ছিটকে গেছে পিন্ডিজ। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর গণমাধ্যমকে সামলাতে সংবাদ সম্মেলনে এসেছিলেন রিজওয়ান।

পিন্ডিজের হতাশাজনক পারফরম্যান্সের পর স্বাভাবিকভাবেই তাদেরকে নিয়ে কথা হওয়ার কথা ছিল। টুকটাক প্রশ্নও হলো। তবে সংবাদ সম্মেলনের বড় একটা অংশ জুড়ে প্রশ্ন, উত্তর হলো রিজওয়ানের ব্যক্তিগত পারফরম্যান্স, পাকিস্তানের টি-টোয়েন্টি দলে সুযোগ না পাওয়া ও অবসর প্রসঙ্গ। ডানহাতি উইকেটকিপার ব্যাটার পিছু হটলেন না বরং সব প্রশ্নের উত্তর দিলেন মনখুলে।

চলতি বছরের জানুয়ারিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফর করেছিল পাকিস্তান। ওই সময় বিগ ব্যাশ খেলতে ব্যস্ত সময় পার করছিলেন বাবর আজম, রিজওয়ান, শাহীন আফ্রিদি, হারিস রউফরা। অস্ট্রেলিয়ার টুর্নামেন্ট খেলার জন্য তাদেরকে জাতীয় দলের স্কোয়াডে রাখেনি পিসিবি।

এ ছাড়া সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি দলে ব্রাত্য হয়ে পড়েছেন রিজওয়ান। দল থেকে বাদ পড়লেও খুব বেশি আক্ষেপ ছিল ডানহাতি উইকেটকিপার ব্যাটারের। ওই সময় তিনি যে পারফরম্যান্স করছিলেন সেটাতে জাতীয় দলে জায়গা পাওয়া ডিজার্ভ করেন না বলে মনে করতেন তিনি। এমন কথা হারিসকেও বলেছিলেন তিনি নিজেই।

রিজওয়ান বলেন, ‘আমি যখন বিগ ব্যাশ খেলছিলাম, সুযোগ পাওয়ার পর আমি পরিস্কার করে এখানে বলেছিলেন আমার পারফরম্যান্সের ভিত্তিতে আমি পাকিস্তান দলে জায়গা পাওয়া ডিজার্ভ করি না। আমি সেই একই ব্যক্তি যে কিনা আপনাদের সামনে বসে আছি এবং আপনারা বলতেন আমি ছক্কা মারতে পারি না, যদি আপনাদের মনে থাকে।’

‘এখনো সত্যি বলতে কী— হারিস রউফ পেছনেই বসে আছে এবং আমাদের মধ্যে যদি সেই আলোচনা হয়ে থাকে তাহলে সে সেটার সাক্ষী। আমরা যখন সেখানে রাতের খাবার খাচ্ছিলাম তখন আমি হারিসকে বলেছিলাম যে বিগ ব্যাশ লিগে আমার যে বর্তমান পারফরম্যান্স সেটা দিয়ে আমি পাকিস্তান জাতীয় দলে জায়গায় পাওয়ার যোগ্য নই। সেই সময় আমাকে যা বলেছিল সেটা আমি পুনরাবৃত্তি করতে পারব না কিন্তু সে জানে।’

সবশেষ বাংলাদেশ সফরে ব্যাট হাতে সুবিধা করতে পারেনি রিজওয়ান। চলতি পিএসএলেও রানের দেখা পাচ্ছেন না ডানহাতি এই ব্যাটার। এখনো পর্যন্ত ৭ ম্যাচে ১৫ গড় ও ১১৬ স্ট্রাইক রেটে মাত্র ১০৭ রান করেছেন পিন্ডিজের অধিনায়ক। সাম্প্রতিক বছরগুলোতেও সেভাবে রান করতে পারেননি তিনি। রিজওয়ান অবশ্য নিজের ভুলের কথা স্বীকার করেছেন। যদি হার মেনে অবসরে যেতে চান না তিনি।

রিজওয়ান বলেন, ‘আমি আপনাদের এটাই বলতে চাই আমরা সবাই মানুষ। একেবারে শুরু থেকেই স্বীকার করে এসেছি আমি ভুল করেছি এবং আমার পারফরম্যান্স আশানুরূপ ছিল না। কিন্তু তার মানে এই নয় আমি সাহস হারাব, আপনাদের সামনে পরাজিত হয়ে বসে থাকব অথবা ক্রিকেট ছেড়ে দিব। আমার ভেতরে যদি ওই তাড়না থাকে তাহলে আমি চালিয়ে যাব। সেটা যদি না হয় আমি আগেও পাকিস্তানের অধিনায়কের কাছে গিয়ে বলেছি আমার পারফরম্যান্স ভালো নয়, আমার জায়গায় তরুণদের সুযোগ দেওয়া উচিত।’

তিনি আরও যোগ করেন, ‘আমি আগেও অনেকবার বলেছি— এমনকি সরফরাজ আহমেদ যখন দলে ছিলেন তখনো বলেছি। আমি আবারও বলব। আমি কখনোই প্রশ্নকে ভয় পাই না, আমি গণমাধ্যমকে ভয় পাই না। আমার মধ্যে সব কিছু যদি ঠিক না থাকে তাহলে ঠিক নেই। আর আপনারা যদি মনে করেন এই বয়সে আমার অবসর নেওয়া উচিত তাহলে আমি সেটাই করব।’

আরো পড়ুন: