মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে আটক ওয়ার্নার

ক্রিকেট অস্ট্রেলিয়া
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বিরতিতে দেশে ফিরেছিলেন ডেভিড ওয়ার্নার। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে সিডনিতে আটক হয়েছেন বাঁহাতি ওপেনার। যদিও পিএসএল খেলতে পাকিস্তানে ফিরতে সমস্যা হবে না ওয়ার্নারের। ফলে করাচি কিংসের পরের ম্যাচেই খেলতে দেখা যাবে ৩৯ বছর বয়সি ক্রিকেটারকে।

পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগে করাচিকে নেতৃত্ব দিচ্ছেন ওয়ার্নার। পিন্ডিজের বিপক্ষে সবশেষ ম্যাচে ৫০ রানের ইনিংস খেলে দলের জয়ে অবদান রেখেছিলেন তিনি। ২ এপ্রিল সেই ম্যাচ খেলেই অস্ট্রেলিয়া ফিরে গিয়েছিলেন বাঁহাতি ব্যাটার। মূলত সাতদিনের বিরতি পেয়েই সুযোগটা কাজে লাগিয়েছিলেন।

ওয়ার্নারের ঘটনাটি ঘটেছে গত ৫ এপ্রিল (রবিবার) বিকেল সাড়ে পাঁচটা নাগাদ। সিডনির মারুব্রা অঞ্চলে তল্লাশি চালাচ্ছিল স্থানীয় পুলিশ। তল্লাশির জায়গা থেকে একটু দূরে একটি ভ্যানকে থামতে দেখা যায়। পরবর্তীতে ট্রাফিক ও হাইওয়ে টহল পুলিশের কর্মকর্তারা এগিয়ে যাওয়ার পর দেখেন ওয়ার্নার চালকের আসনে বসে আছেন।

ওই সময় প্রাথমিকভাবে পরীক্ষা করা হয় ওয়ার্নারের শরীরে অ্যালকোহল আছে কিনা। তাৎক্ষণিক পরীক্ষায় অ্যালকোহলের উপস্থিতি পাওয়া যায়। এরপর সাবেক বাঁহাতি ওপেনারকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। মারুব্রা থানায় নেওয়ার পর দ্বিতীয় পরীক্ষায় তার শরীরে ০.১০৪ মাত্রার অ্যালকোহল পাওয়া যায়।

০.০৮ মাত্রার চেয়ে বেশি হওয়ায় ওয়ার্নারের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। সব ঠিক থাকলে ৭ মে তাকে আদালতে হাজির করার কথা রয়েছে। সেখানে শাস্তি হলেও পিএসএল খেলতে সমস্যা হওয়ার কথা নয় তার। বেশ কয়েকটি সংবাদমাধ্যম এমনটাই জানিয়েছে। অর্থাৎ ৯ এপ্রিল করাচির ম্যাচে পাওয়া যাবে দলটির অধিনায়ককে।

আরো পড়ুন: