যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানকে ঘিরে চলমান যুদ্ধাবস্থার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। আইসিসির একটি সূত্র জানিয়েছে, সভাটি আপাতত পিছিয়ে দেয়া হয়েছে এবং আগামী এপ্রিল মাসের কোনো এক সময়ে নতুন করে আয়োজনের চেষ্টা করা হবে। একই মহাদেশে সভাটি করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।
শনিবার আইসিসির সদস্য দেশগুলোর কাছে এ বিষয়ে আনুষ্ঠানিক বার্তা পাঠানো হয়েছে। এর ঠিক একদিন পরই ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত হচ্ছে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। আইসিসির এই বৈঠকে বোর্ডের পরিচালক, বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী, কমিটির সদস্য এবং সংস্থার শীর্ষ নেতৃত্বের উপস্থিত থাকার কথা ছিল।
বিশ্ব ক্রিকেটের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করার জন্য এই বৈঠকটি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছিল। এর আগে গত ২২ ফেব্রুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছিল, কাতারে ক্রিকেটের প্রতি ক্রমবর্ধমান আগ্রহ এবং দেশটির ক্রীড়া অবকাঠামোর সঙ্গে সম্পর্ক জোরদার করার লক্ষ্যেই দোহাকে বোর্ড সভার ভেন্যু হিসেবে বেছে নেয়া হয়েছে।
এদিকে আইসিসির অনেক শীর্ষ কর্মকর্তা বর্তমানে ভারতের আহমেদাবাদে অবস্থান করছেন। আইসিসি চেয়ারম্যান জয় শাহর ঘরের মাঠ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল, যেখানে মুখোমুখি হতে যাচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। ফাইনাল উপলক্ষে স্টেডিয়ামের ভিভিআইপি বক্সে উপস্থিত থাকার কথা নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রজার টুজের।
পাশাপাশি জিম্বাবুয়ে ক্রিকেটের চেয়ারম্যান তাভেঙ্গওয়া মুকুলানি এবং ক্রিকেট সাউথ আফ্রিকার প্রধান নির্বাহী ড. মোহাম্মদ মুসাজিরাও সেখানে উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে। তবে সেখানে থাকছেন না পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি।