সরকার ও চেয়ারম্যান যা বলবে আমাদের তাই করতে হবে, ভারত ম্যাচ বয়কট নিয়ে সালমান

পাকিস্তান ক্রিকেট
ক্রিকফ্রেঞ্জি
ক্রিকফ্রেঞ্জি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছে পাকিস্তান। বিশ্বকাপ খেললেও আইসিসির দ্বিচারিতার প্রতিবাদ জানিয়ে ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে তারা। সরকারের এমন সিদ্ধান্তের পর সালমান আলী আঘা জানালেন, এটা আমাদের সিদ্ধান্ত নয়। সেই সঙ্গে এও মনে করিয়ে দিলেন সরকার ও পিসিবি চেয়ারম্যান যা বলবেন তাদের সেটাই করতে হবে।

নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে রাজি হয়নি বাংলাদেশ। ভেন্যু পরিবর্তনের জন্য চিঠি চালাচালির পাশাপাশি কয়েক দফা বৈঠক করলেও আইসিসির কথায় রাজি হয়নি আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড। এমন অবস্থায় বাংলাদেশকে সরিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপ খেলার সুযোগ করে দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। তাদের এমন সিদ্ধান্তে তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানান মহসিন নাকভি।

আইসিসিকে চিঠি দেয়ার পাশাপাশি বোর্ড সভায়ও বাংলাদেশের পক্ষেই ভোট দেয় পাকিস্তান। এ ছাড়া কয়েক দিন আগে পিসিবির চেয়ারম্যান বলেন, বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের সঙ্গে অন্যায় হয়েছে। পাশাপাশি এও জানিয়েছিলেন, পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে কিনা সেই সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন তিনি। সরকার যদি অনুমতি দেয় তাহলেই তারা বিশ্বকাপ খেলতে যাবেন।

সেই সঙ্গে পাকিস্তান সরকার যদি সবুজ সংকেত না দেয় তাহলে বিশ্বকাপ বয়কট করতে পারেন তারা। এমন ইঙ্গিতও দিয়ে রেখেছিলেন নাকভি। পরবর্তীতে ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেন পিসিবির চেয়ারম্যান। শেহবাজ শরীফ দেশে ফেরার পর তাঁর সঙ্গেও কথা বলেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে নাকভি জানিয়েছিলেন, বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে শুক্রবার বা সোমবার।

২ ফেব্রুয়ারি (রবিবার) প্রধানমন্ত্রী ও পিসিবি চেয়ারম্যানের বৈঠকের পর বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, বিশ্বকাপ খেলতে বাধা নেই পাকিস্তানের ক্রিকেটারদের। তবে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের নির্দেশ দিয়েছে শেহবাজ শরীফের সরকার।

পাকিস্তান সরকারের এমন সিদ্ধান্তের পর অধিনায়ক সালমান বলেন, ‘হ্যাঁ, অবশ্যই আমরা যাচ্ছি (বিশ্বকাপে)। ওইটা (ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করা) আমাদের সিদ্ধান্ত নয়। আমরা এই বিষয়ে কিছু করতে পারব না। আমাদের সরকার ও চেয়ারম্যান যা বলবে আমাদের সেটাই করতে হবে। তারা যা বলবে আমরা তাই করব।’

নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে রাজি হয়নি বাংলাদেশ। স্বাভাবিকভাবেই তাদের বাদ দিয়ে বিশ্বকাপ আয়োজন করছে আইসিসি। বাংলাদেশের বিশ্বকাপ বয়কট নিয়ে অবশ্য খুব বেশি কিছু বলতে চাইলেন না মিচেল মার্শ। অস্ট্রেলিয়ার অধিনায়ক জানান, তাদের নিরাপত্তার জন্য যাদের বসানো হয়েছে তাদের উপর বিশ্বাস রাখতে চান।

মার্শ বলেন, ‘দেখুন, আগের উত্তরের মতো করেই বলবো আমরা বিশ্বকাপে যাচ্ছি জেতার জন্য। আমরা শুধু সেটাতেই ফোকাস করতে চাই। আমাদের নিরাপদ রাখার জন্য যে মানুষগুলোকে বসানো হয়েছে, অস্ট্রেলিয়া দল হিসেবে আমরা সেই মানুষদের বিশ্বাস করি।’

আরো পড়ুন: