টুর্নামেন্টের শেষ দিকে গায়ানায় যোগ দিয়েছেন মিরাজ। আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবির বদলি হিসেবে দলে এসেছেন তিনি। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নবি সিপিএল ছেড়ে যাওয়ায় তার জায়গায় সুযোগ পেয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।
গায়ানার হয়ে এখন পর্যন্ত ৭ ম্যাচে ১৩ উইকেট নিয়ে দলের সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন নবি। তার শূন্যতা পূরণ করা সহজ হওয়ার কথা ছিল না মিরাজের জন্য। তবে অভিষেকেই দারুণ বোলিং করে সেই চ্যালেঞ্জের জবাব দিয়েছেন তিনি।
প্রভিডেন্সে নিজের প্রথম ওভারেই উইকেটের দেখা পান মিরাজ। ইনিংসের সপ্তম ওভারের শেষ বলে হাওয়ায় ভাসানো বলে লং অফে ক্যাচ দিয়ে ফেরান জন ক্যাম্পবেলকে। নিজের তৃতীয় ওভারে কেমল স্যাভরি ও চারিত আসালাঙ্কাকে ফিরিয়ে পূর্ণ করেন তিন উইকেট।
স্যাভরিকে এলবিডব্লিউ করে ফেরান মিরাজ। তবে রিভিউ নিলে বেঁচে যেতেন তিনি। পরে দেখা যায়, বল স্টাম্প বরাবর আঘাত করেনি। আর আসালাঙ্কা উইকেটের পেছনে শাই হোপের হাতে ক্যাচ দিয়ে ফেরেন।
মিরাজের পাশাপাশি ইমরান তাহিরও ছিলেন দুর্দান্ত। চার ওভারে ১৭ রান দিয়ে পাঁচ উইকেট নিয়ে সেন্ট লুসিয়াকে ১১৯ রানে গুটিয়ে দেন। এ দিন অবশ্য ব্যাট হাতে মিরাজের দিনটা ভালো যায়নি। ১ রান করে আউট হয়েছেন তিনি। শেষ পর্যন্ত ১৮.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে গায়ানা।
অভিষেকে বাংলাদেশের স্পিনারে পারফরম্যান্সে মুগ্ধ হন অধিনায়ক তাহির, 'আমাদের সঙ্গে নবি ছিল। তার মান অনেক অনেক উঁচুতে। আমাদের সেরা বোলার ছিল। তবে সে (মিরাজ) এলো, সত্যি বলতে, আমরা কিছুই ভাবিনি। এরপর সে খুবই ভালো বোলিং করব, ঠিক যেভাবে আমরা চেয়েছিলাম।'
'তার মতো একজনকে দলে পাওয়া দারুণ ব্যাপার। বিশ্বমানের স্পিনার সে, আন্তর্জাতিকভাবে বিশ্বজুড়ে পারফর্ম করছে। তার সঙ্গে ও অন্য সবার সঙ্গে বোলিং করতে পেরে আমি রোমাঞ্চিত।'