২০২০ সালে প্রথমবার সেন্ট লুসিয়ার (জকস) হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন নূর। তবে ভিসা সংক্রান্ত জটিলতায় সেবার সিপিএলে খেলা হয়নি তার। পরবর্তীতে ২০২৪ সালে আবারও সেন্ট লুসিয়াতে ফেরেন তিনি। সেবার ১২ ম্যাচে ৬.১৯ ইকনোমি রেটে নিয়েছিলেন ২২ উইকেট।
টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারিও ছিলেন তিনি। চলতি আসরেও ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলার কথা ছিল তার। দ্য হান্ড্রেডে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সুপার জায়ান্টসের হয়ে খেলা শেষ করেই সেন্ট লুসিয়াতে যোগ দেওয়ার কথা ছিল তার। তবে এসিবি এনওসি না দেওয়ায় ওয়েস্ট ইন্ডিজে যাচ্ছেন না নূর।
এ প্রসঙ্গে সেন্ট লুসিয়ার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘নূর আহমেদ টুর্নামেন্টে বাকি অংশে সেন্ট লুসিয়া কিংসের হয়ে খেলতে পারবে না। নূর দলের সঙ্গে যোগ দিতে না পারায় ফ্র্যাঞ্চাইজি হতাশ এবং তার জন্য শুভ কামনা।’
নূরকে না পাওয়া গেলেও সেন্ট লুসিয়ার সঙ্গে যোগ দিচ্ছেন টিম সেইফার্ট। নিউজিল্যান্ডের উইকেটকিপার ব্যাটার যোগ দিলে ফ্র্যাঞ্চাইজিটির টপ অর্ডার আরও শক্তিশালী হয়ে উঠবে। ব্যাট হাতে ছন্দে থাকা সেইফার্ট ম্যানচেস্টারের হয়ে ১০ ইনিংসে ১৬৮.৩৭ স্ট্রাইক রেটে ৩৯৪ রান করেছেন। ফাইনালে ৩৮ বলে ৭২ রান করে ম্যাচসেরাও হয়েছেন।