গত মার্চে নিলাম থেকে এক লাখ পাউন্ড ভিত্তিমূল্যে মুস্তাফিজকে কিনে নেয় বার্মিংহাম। জিম্বাবুয়ে সফর শেষ করেই ইংল্যান্ডের বিমান ধরার কথা ছিল বাঁহাতি পেসারের। ইংল্যান্ডের একশ বলের টুর্নামেন্টের পুরো মৌসুম খেলতে অনাপত্তি পত্রও পেয়েছিলেন তিনি। তবে প্রথমবারের মতো দ্য হান্ড্রেডে খেলতে পারলেন না তিনি।
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন মুস্তাফিজ। সেই চোটে ছিটকে গেছেন টুর্নামেন্ট থেকে। প্রাথমিকভাবে টুর্নামেন্টের শুরুর কয়েকটি ম্যাচ মিস করার কথা ছিল তাঁর। এমন খবরের পর বাঁহাতি পেসারকে ইংল্যান্ডে ডেকে পাঠায় বার্মিংহাম। সেখানে তাদের নিজস্ব মেডিকেল বিভাগ দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
রিপোর্টে ইতিবাচক কিছু না আসায় মুস্তাফিজের দ্য হান্ড্রেড থেকে ছিটকে যাওয়ার খবর দেয় বার্মিংহাম। বাংলাদেশের পেসারের বদলি হিসেবে ডোয়ারশিসকে দলে নেওয়ার খবরও জানিয়েছে তারা। সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে সাদা বলের ক্রিকেট খেলছেন ডোয়ারশিস। পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও নিয়মিত মুখ হয়ে উঠছেন বাঁহাতি এই পেসার।
এর আগেও দ্য হান্ড্রেডের হয়ে খেলার অভিজ্ঞতা আছে ডোয়ারশিসের। ২০২২ সালে বার্মিংহাম ও ২০২৪ সালে খেলেছেন নর্দার্ন সুপারচার্জাসের হয়ে। ইংল্যান্ডের টুর্নামেন্টে তিনটি ম্যাচ খেলে চারটি উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ান এই পেসার। বিগ ব্যাশের বাইরে এখনো পর্যন্ত পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল, ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে পিএসএল এবং ওয়াশিংটন ফ্রিডমের হয়ে মেজর লিগ ক্রিকেট খেলেছেন।