ক্যান্ডিতে যোগ দিচ্ছেন ৩ পাকিস্তানি ক্রিকেটার

এলপিএল
শাহীন শাহ আফ্রিদি
শাহীন শাহ আফ্রিদি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্লে অফের আগে বড় সুখবর পেয়েছে ক্যান্ডি রয়্যালস। দলটিতে পুনরায় যোগ দিচ্ছেন পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। তার সঙ্গে ফ্র্যাঞ্চাইজিটিতে যোগ দিচ্ছেন পাকিস্তানের আরেক দুই ক্রিকেটার খুশদিল শাহ ও হাসান নাওয়াজ। নকআউট পর্বের আগে এই তিন পাকিস্তানি ক্রিকেটারের যুক্ত হওয়া বড় স্বস্তি ক্যান্ডির জন্য।

ব্যক্তিগত কারণে গত সপ্তাহে এলপিএল ছেড়ে দেশে ফিরেছিলেন আফ্রিদি। এরপর গুঞ্জন উঠেছিল, তার এবারের এলপিএল অভিযান হয়তো শেষ হয়ে গেছে। তবে শেষ পর্যন্ত সেই শঙ্কা কাটিয়ে টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে আবারও ক্যান্ডির জার্সিতে ফিরছেন পাকিস্তানের এই বাঁহাতি পেসার। দলকে আরও ভারসাম্যপূর্ণ করবেন বাকি দুই ক্রিকেটার খুশদিল ও হাসান।

তারা যথাক্রমে যোগ দিচ্ছেন মঈন আলী, সেদিকুল্লাহ অতল ও ব্র্যান্ডন ম্যাকমুলেনের বিকল্প হিসেবে খেলবেন। ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়েছে তাদের। ফলে এলপিএলের বাকি অংশে এই তিন ক্রিকেটারকে ছাড়াই খেলতে হবে ক্যান্ডিকে। এক পর্যায়ে ক্যান্ডির প্লে অফে ওঠার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ হয়ে পড়েছিল।

জাফনা কিংস ও ডাম্বুলা সিক্সার্সের মধ্যকার বৃষ্টিবিঘ্নিত ম্যাচের ফল তাদের পক্ষে যায়। সেই সমীকরণেই শেষ পর্যন্ত নকআউট পর্বে জায়গা নিশ্চিত করে ক্যান্ডি। আগামী ৫ আগস্ট কলম্বোর আর প্রেমাদাসা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে এলপিএলের এবারের আসরের প্লে অফ।

প্রথম দিন কোয়ালিফায়ারে মুখোমুখি হবে জাফনা কিংস ও গল গ্যালান্টস। আর এলিমিনেটরে ক্যান্ডি রয়্যালস খেলবে কলম্বো ক্যাপসের বিপক্ষে। এই ম্যাচে জয়ী দল দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলার যোগ্যতা অর্জন করবে। ফলে হারলে নিশ্চিতভাবেই বাদ পড়ে যেতে হবে দলটিকে।

আরো পড়ুন: