বিপিএলে দল কিনতে বিসিবির দুয়ারে এলপিএল চ্যাম্পিয়ন গল ফ্র্যাঞ্চাইজি

বিপিএল
ফাইল ফটো
ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সাকিব আল হাসান এবং তাওহীদ হৃদয়দের জাফনা কিংসকে হারিয়ে প্রথমবারের মতো লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) শিরোপা জিতেছে গল গ্যালান্টস। এলপিএলের এই দলটি এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) দল কিনতে আগ্রহী।

বিপিএলে দল কেনার জন্য ইতোমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে যোগাযোগ করেছে গলের মালিকপক্ষ। এমনটা নিশ্চিত করেছেন দলটির কর্ণধার সরথ স্রিরামজু। যদিও সবকিছু ঠিকঠাক হওয়ার আগে কিছু জানাতে আগ্রহী নয় তারা।

স্রিরামজু বলেন, 'আমরা বিষয়টি নিয়ে ভাবছি। আমাদের মধ্যে এই নিয়ে চিন্তাভাবনা ও আলোচনা চলছে। আমাদের এলপিএল মাত্র শেষ হলো। আজ আমাদের বাংলাদেশের কয়েকজন মানুষের সাথে দেখা করার কথা ছিল। তবে আমরা পরিকল্পনা করছি।'

'আমরা এটি নিয়ে কাজ করছি। আমরা বেশ আশাবাদী এবং আমরা কাজ করে যাচ্ছি। আশা করছি আমরা বাংলাদেশে থাকতে পারব। আমরা কথা বলছি। তবে আমি এই মুহূর্তে নামগুলো প্রকাশ করতে পারছি না। কিন্তু হ্যাঁ, আমাদের আলোচনা চলছে।'

মূলত বাংলাদেশের দর্শক-সমর্থকদের ক্রিকেটের প্রতি বাড়তি ভালবাসা এবং উন্মাদনা নজর কেড়েছে গলের মালিক পক্ষের। যার কারণে বিপিএলে বিনিয়োগ করতে আগ্রহী হয়েছে দলটি।

স্রিরামজু আরো বলেন, 'বাংলাদেশ সম্পর্কে কথা বললে- আমি ভারতের মানুষ। আমি জানি ভারত, পাকিস্তান এবং বাংলাদেশে ক্রিকেটের উন্মাদনা কেমন। বাংলাদেশে ভক্তদের ক্রিকেটের প্রতি যে আবেগ, সেটি আমি জানি। তাই সেখানে অংশ নিতে পারাটা আমাদের জন্য দারুণ এক অভিজ্ঞতা হবে।'

চড়াই-উতরাই পেরিয়ে নিজেরা চ্যাম্পিয়ন হওয়ার পেছনের গল্পও শুনিয়েছেন গলের মালিক। লিটন দাসকে মিস করলেও নুরুল হাসান সোহানের প্রশংসা করেছেন প্রাণ খুলে। গলের হয়ে দুই ম্যাচে ওপেন করেন ১৩ বলে ২৯ এবং ৩২ বলে ৩৩ রানের ইনিংস খেলেন সোহান।

স্রিরামজু বলেন, 'এটা একটা অসাধারণ অনুভূতি। আমাদের এই যাত্রা শুরু হয়েছিল গত এপ্রিলে। এই চার মাস বেশ কঠিন ছিল। অনেক চড়াই-উতরাই ছিল পথে। আমরা খুব ভালো পরিকল্পনা করেছিলাম এবং সেটির বাস্তবায়নও চমৎকার হয়েছে।'

'সোহান খুব দারুণ একজন মানুষ। লিটন দাসের ব্যাপারে আমাদের ভাগ্য খারাপ ছিল যে তাকে আমরা পাইনি, সে এভেইলেবল ছিল না। তবে আমি মেহেদী হাসান মিরাজের মতো দারুণ খেলোয়াড়দের সাথে কাজ করেছি। আর সোহান এখানে আছে, সে অসাধারণ একজন ক্রিকেটার। সে ঠিক সময়ে রুখে দাঁড়িয়েছে। একটি ম্যাচ হারের পর আমাদের ভালো একটি শুরুর দরকার ছিল, সোহান দলে আসার পর সেখান

থেকেই সবকিছু বদলে যায়।'

আরো পড়ুন: