২২৩ স্ট্রাইক রেটে খেলেও ফাইনালে সুযোগ মেলেনি, হতাশ নন সোহান

এলপিএল
নুরুল হাসান সোহান, ক্রিকফ্রেঞ্জি
নুরুল হাসান সোহান, ক্রিকফ্রেঞ্জি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
নুরুল হাসান সোহান না খেললেও লঙ্কা প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছে তার দল গল গ্যালান্টস। আসরে দুই ম্যাচে সুযোগ পেয়ে ভালো খেলেছিলেন বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার। ফাইনালে না খেলার কিছুটা আফসোস থাকলেও দলের জয়ে খুশি তিনি।

ডাম্বুলা সিক্সার্সের হয়ে এলপিএল অভিষেক হয় সোহানের। ম্যাচে ওপেনিংয়ে নেমে ১৩ বলে ২৯ রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন তিনি। স্ট্রাইক রেট ছিল ২২৩.০৭। ম্যাচটি গল জিতে ৪৪ রানে।

এরপরের ম্যাচে ক্যান্ডি রয়্যালসের বিপক্ষে ৩২ বলে ৩৩ রান করেন সোহান। ম্যাচটি গল হারে ছয় উইকেটে। দারুণ পারফরম্যান্সের পরও ফাইনালে না খেলার আক্ষেপ আছে সোহানের। যদিও দলীয় কম্বিনেশনের ওপর ভরসা ছিল তার।

সোহান বলেন, 'আমার কাছে মনে হয় খুব ভালো একটা টুর্নামেন্ট। আমার কাছে মনে হয় টিম পুরো টুর্নামেন্ট ধরেই অনেক ভালো খেলেছে। যার যখন দরকার, সে সেভাবে পারফর্ম করেছে। আসলে চ্যাম্পিয়ন টিমের জন্য দল হিসেবে খেলাটাই সবচেয়ে ইম্পর্টেন্ট এবং আমার মনে হয় আমরা ওই কাজটাই করেছি।'

'আমি যে কয়টা ম্যাচ পেয়েছি, সুযোগ কাজে লাগিয়ে কন্ট্রিবিউট করার চেষ্টা করেছি।

সবচেয়ে বড় কথা হলো টিম কম্বিনেশন বা টিমের জন্য যেটা দরকার। আমি যেটা বললাম, যে যখন সুযোগ পাচ্ছে বা যেটা করা দরকার, ওটাই আসলে চ্যাম্পিয়ন টিম হওয়ার প্রধান কারণ। পুরো ক্যারিয়ার জুড়েই জিনিসটা (সুযোগ না পাওয়া) এরকম। কিন্তু ওইটার থেকে আমার কাছে সবসময় লক্ষ্য থাকে টিম আমার কাছে কী চাচ্ছে। টিমের জন্য কোনটা দরকার, ওটাই গুরুত্বপূর্ণ।'

চ্যাম্পিয়ন হতে কঠোর পরিশ্রমের পাশাপাশি ভাগ্যেরও প্রয়োজন আছে বলে মনে করছেন সোহান। শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশি সমর্থক দেখে উচ্ছ্বসিত তিনি।

সোহান বলেন, 'চ্যাম্পিয়ন হওয়াটা আমার মনে হয় হার্ড ওয়ার্কের সাথে ভাগ্যের একটা কম্বিনেশনও লাগে। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আর বাংলাদেশে ক্রিকেট ফ্যানদের নিয়ে কথা বললে সবচেয়ে ভালো জিনিস হলো ক্রিকেটের প্রতি তাদের প্যাশন বা ভালোবাসা। এটা অন্য কোনো দেশের সাথে তুলনা করা যাবে না। সব জায়গায় বাংলাদেশি দর্শক আছে। আজকেও অনেক বাংলাদেশি দর্শক দেখেছি যা দেখে আমি সারপ্রাইজড হয়েছি।'

আরো পড়ুন: