এক মাসব্যাপী এই আসরে ২৩ ও ৩০ জানুয়ারি এবং ৬ ও ১৩ ফেব্রুয়ারি চারটি শনিবার দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৪ ফেব্রুয়ারি নিউল্যান্ডসে এমআই কেপ টাউন ও প্রিটোরিয়া ক্যাপিটালসের ম্যাচ দিয়ে শেষ হবে গ্রুপ পর্ব। এরপর ২১ ফেব্রুয়ারি একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে ফাইনাল। এর আগে প্লে-অফের কোয়ালিফায়ার-১ অনুষ্ঠিত হবে পার্লে এবং এলিমিনেটর ম্যাচ হবে জোহানেসবার্গে।
এসএ টোয়েন্টির কমিশনার ও সাউথ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ বলেন, ‘সূচি ঘোষণা আমাদের জন্য সব সময়ই গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। এর মধ্য দিয়েই নতুন মৌসুমের প্রস্তুতি আনুষ্ঠানিকভাবে শুরু হয়।’
উদ্বোধনী ম্যাচ নিয়ে তিনি বলেন, ‘গত মৌসুমের রোমাঞ্চকর ফাইনালের পুনরাবৃত্তির মাধ্যমে পঞ্চম আসর শুরু হওয়ার চেয়ে ভালো কিছু হতে পারে না। সানরাইজার্স ইস্টার্ন কেপ ও প্রিটোরিয়া ক্যাপিটালস গতবার দুর্দান্ত একটি ফাইনাল উপহার দিয়েছিল। তাই নতুন মৌসুমও এই দুই দলের ম্যাচ দিয়ে শুরু হওয়াটা দারুণ মানানসই।’
টানা দ্বিতীয়বার এবং সব মিলিয়ে তৃতীয়বারের মতো নিউল্যান্ডসে হবে এসএ টোয়েন্টির ফাইনাল। বিষয়টি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কেপ টাউনের মেয়র জিওর্ডিন হিল-লুইস।
তিনি বলেন, ‘আবারও এসএ টোয়েন্টির ফাইনাল আয়োজন করতে পেরে কেপ টাউন গর্বিত। একই বছরে আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপও আয়োজন করবে আমাদের শহর। এটি প্রমাণ করে, কেপ টাউন বিশ্বের অন্যতম সেরা ক্রিকেট নগরী। ফাইনালে খেলোয়াড়, সমর্থক ও অতিথিদের স্বাগত জানাতে আমরা মুখিয়ে আছি।’
অন্যদিকে, এসএ টোয়েন্টির ইতিহাসে প্রথমবারের মতো প্লে-অফ ম্যাচ আয়োজনের সুযোগ পাচ্ছে পার্ল। এ প্রসঙ্গে স্মিথ বলেন, ‘পার্লের দর্শকেরা শুরু থেকেই লিগের অন্যতম প্রাণবন্ত সমর্থক। তাই এবার তাদের প্রথমবারের মতো কোয়ালিফায়ার-১ উপহার দিতে পেরে আমি আনন্দিত।’