মারুফাকে দ্য হান্ড্রেডের মতো ফ্র্যাঞ্চাইজি লিগে দেখতে চান নাসের

দ্য হান্ড্রেড
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই বল হাতে আলো ছড়িয়েছেন মারুফা আক্তার
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই বল হাতে আলো ছড়িয়েছেন মারুফা আক্তার
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
নারী আইপিএলের সবশেষ কয়েকটি আসরে নিলামের জন্য নিবন্ধন করেছিলেন মারুফা আক্তার। তবে বাংলাদেশের তারকা পেসারকে দলে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।নারী ক্রিকেটের উন্নতির জন্য নাসের হুসেইন ও টাশ ফারান্ট মনে করেন, মারুফার মতো ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পাওয়া উচিত। মারুফাকে দ্য হান্ড্রেডের মতো টুর্নামেন্টে দেখতে চাওয়ার কথাও জানিয়েছেন নাসের।

সবশেষ কয়েক বছরে বল হাতে নিয়মিতই আলো ছড়াচ্ছেন মারুফা। দ্বিপাক্ষিক সিরিজের পাশাপাশি আইসিসির টুর্নামেন্টেও নিজের পারফরম্যান্সের ছাপ রাখছেন ডানহাতি এই পেসার। নারী আইপিএলের পাশাপাশি বিগ ব্যাশ, সিপিএল, দ্য হান্ড্রেডের মতো টুর্নামেন্ট হলেও কোথাও সুযোগ পাচ্ছেন না মারুফা। আইপিএলে কয়েক দফায় নামও দিয়েছিলেন তিনি। তবুও দল পাওয়া হয়নি তার।

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরের প্রথম ম্যাচেই নেদারল্যান্ডসের বিপক্ষে ৩১ রানে ২ উইকেট নিয়েছেন মারুফা। বাংলাদেশের পেসারের বোলিংয়ের প্রশংসা করেছেন নাসের। মারুফা ও পাকিস্তানের ফাতিমার মতো ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ না দেওয়াকে অন্যায্য মনে করছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক। মেল জোন্স ও ফারান্টের সঙ্গে আলাপে সেটা নিয়ে প্রশ্নও তুলেছেন তিনি।

স্কাই স্পোর্টসের পডকাস্টে ফারান্টকে প্রশ্ন করতে গিয়ে নাসের বলেন, ‘এটা হয়ত শুনতে একটা খারাপ লাগবে যে ম্যাচের আগেই আমি জানতাম রেজাল্ট কী হবে। আমার মনে হয় তাদের (বাংলাদেশ-পাকিস্তান) জন্য একটা অন্যায্য ও অসম ‘লেভেল প্লেয়িং ফিল্ড’। তারা (ভারত) প্রচুর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলছে, নিজেদের প্রস্তুত করছে। এটার ফলে তাদের নিজেদের উন্নতি হচ্ছে, দেশ হিসেবেও তারা উন্নতি করছে। কারণ তারা প্রচুর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে।’

‘আমার মনে হয় বাংলাদেশ ও পাকিস্তানের জন্য এটা পুরোপুরি অন্যায্য যে তাদের খেলোয়াড়রা দ্য হান্ড্রেডের মতো টুর্নামেন্টগুলোতে (খেলার সুযোগ পায় না)। বাংলাদেশের মারুফা আক্তার গতকালও উইকেট পেয়েছে। পাকিস্তানের ফাতিমার কথাও বলতে পারেন। তারা দারুণ ক্রিকেটার। বিশ্ব ক্রিকেট কিংবা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট হোক তাদের উচিত মারুফা ও ফাতিমার মতো ক্রিকেটারদের দলে নেওয়া। কারণ পুরো বিশ্ব জুড়েই একটা প্রতিযোগিতা চলছে।’

নাসেরের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বেশ কয়েকটি বিষয় সামনে এনেছেন ফারান্ট। সাম্প্রতিক সময়ে সেরা খেলোয়াড়কে দলে নেওয়ার চেয়ে তাদের জনপ্রিয়তা বেশি বিবেচনা করেন বলে জানান ইংল্যান্ডের এই পেসার। কোন ক্রিকেটারকে দলে নিলে জার্সি ও টিকেট বেশি বিক্রি হবে, মাঠে বেশি মানুষ খেলা দেখতে আসবে এসব ভাবনায় রাখা হয় বলে জানান তিনি। এ ছাড়া গত ওয়ানডে বিশ্বকাপের পারফরম্যান্সের সুবাদে মারুফার নারী আইপিএলে সুযোগ পাওয়া উচিত ছিল বলে মনে করেন ফারান্ট।

তিনি বলেন, ‘আমার মনে হয় এটা একটু ট্রিকি ব্যাপার। ফ্র্যাঞ্চাইজিগুলো সবার আগে নিশ্চিত করে তাদের শুধু সেরা খেলোয়াড় হলেই হবে না তাদের এমন কিছু নাম লাগবে যাদের দিয়ে তারা জার্সি, টিকেট বিক্রি করতে পারবে এবং মাঠে দর্শক আসবে। তাদের (মারুফা ও ফাতিমা) ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দেখতে পারলে ভালো লাগবে। মারুফার কথা যদি বলি গত ৫০ ওভারের বিশ্বকাপের পর তার নারী আইপিএলে দল পাওয়ার সবচেয়ে ভালো সুযোগ ছিল। মারুফার আরও একটু এক্সপোজার দরকার এবং তারা চাইবে সে যেন একটা ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পায়।’

আরো পড়ুন: