পুরুষ দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অবশ্য টেলরের জন্য একেবারে নতুন নয়। এর আগে ইংল্যান্ড লায়ন্স দলে অ্যান্ড্রু ফ্লিনটফের কোচিং টিমে কাজ করেছিলেন তিনি। সেই অভিজ্ঞতার ধারাবাহিকতায় এবার জাতীয় দলের দায়িত্বে জায়গা করে নিলেন সাবেক এই ক্রিকেটার।
এক প্রতিবেদনে বলা হয়েছে, কোনো জ্যেষ্ঠ পুরুষ আন্তর্জাতিক দলে প্রথম নারী কোচ হিসেবে দায়িত্ব পালনের পথে রয়েছেন টেলর। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালক রব কি বলেছেন, 'আমি মনে করি তিনি যা করেন, তাতে তিনি এই জগতের সেরাদের একজন।'
রব কি আরও বলেন, 'তিনি অসাধারণ কাজ করেছেন এবং অ্যান্ড্রু ফ্লিনটফ ও এড বার্নির সঙ্গে দীর্ঘ সময় কাজ করেছেন। তাঁর অভিজ্ঞতা দলের জন্য গুরুত্বপূর্ণ হবে।'
২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া টেলর দীর্ঘ সময় বিশ্বের সেরা উইকেটরক্ষকদের একজন হিসেবে বিবেচিত ছিলেন। ১৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ইংল্যান্ডের হয়ে খেলেছেন ২২৬ ম্যাচ। ২০১৭ সালে বিশ্বকাপজয়ী দলেও ছিলেন তিনি।
খেলোয়াড়ি জীবন শেষ করার পর থেকেই কোচিংয়ের সঙ্গে যুক্ত আছেন টেলর। কাউন্টি দল সাসেক্স ও ম্যানচেস্টার অরিজিনালসের পুরুষ দলেও কাজ করেছেন তিনি। ফলে ইংল্যান্ড টেস্ট দলে তাঁর অন্তর্ভুক্তিকে স্বাভাবিক অগ্রগতি হিসেবেই দেখা হচ্ছে।
সবশেষ অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের ফিল্ডিং ছিল ব্যাপক সমালোচনার মুখে। ফিল্ডিং কোচ ছাড়া খেলতে যাওয়া সেই সিরিজে ইংল্যান্ড ১১টি ক্যাচ হাতছাড়া করেছিল। নিউজিল্যান্ডের বিপক্ষে আগামী ৪ জুন লর্ডসে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজে তাই ফিল্ডিংয়ে উন্নতির প্রত্যাশা থাকবে স্বাগতিকদের।