ডান উরুতে চোট পাওয়ার পর চিকিৎসা ও পরীক্ষার জন্য ইতোমধ্যে যুক্তরাজ্যে ফিরে গেছেন ওভারটন। চেন্নাই আনুষ্ঠানিকভাবে তাকে পুরো আসর থেকে বাদ পড়া বলেনি, তবে শেষ তিনটি লিগ ম্যাচে তার ফেরার সম্ভাবনা খুবই কম বলে ধারণা করা হচ্ছে।
বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে চেন্নাই। দলটির পক্ষ থেকে বলা হয়, 'জেমি ওভারটনের ডান উরুতে চোট ধরা পড়েছে। পরবর্তী পরীক্ষা ও চিকিৎসার জন্য তিনি যুক্তরাজ্যে ফিরে যাচ্ছেন।'
ওভারটনের চোট চেন্নাইয়ের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে মূলত তার ধারাবাহিক পারফরম্যান্সের কারণে। চলতি আসরে তিনি ছিলেন দলের অন্যতম নির্ভরযোগ্য ক্রিকেটার। ১১ ম্যাচে ১৪ উইকেট নিয়ে তিনি এখন পর্যন্ত চেন্নাইয়ের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। তার গড় ১৭.৭৮, আর ইকোনমি ছিল নয়ের নিচে।
পুরো আসরে ব্যাট হাতেও ওভারটন করেছেন ১৩৬ রান, যেখানে তার আক্রমণাত্মক ব্যাটিং দলকে বাড়তি সুবিধা দিয়েছে। কয়েকদিন আগেই লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচসেরা হয়েছিলেন তিনি। সেই ম্যাচে ৩৬ রানে তিন উইকেট নিয়ে চেন্নাইয়ের পাঁচ উইকেটের জয়ে বড় ভূমিকা রাখেন তিনি।
ওভারটনের আগে চোটে পড়ায় চেন্নাই হারিয়েছে নাথান এলিস, খলিল আহমেদ, আয়ুশ মাহাত্রে ও রামকৃষ্ণ ঘোষকে। ডিওয়াল্ড ব্রেভিস পুরোপুরি ফিট ছিলেন না। স্পেন্সার জনসন এখনো ফিট হতে পারেননি। ইনজুরির কারণে সবচেয়ে বড় অনুপস্থিতি অবশ্য মহেন্দ্র সিং ধোনির, কাফের চোটের কারণে যিনি এবার এখনো একটি ম্যাচও খেলেননি।