তবুও পুরানকে সুপার ওভারে পাঠানোর সিদ্ধান্তকে সঠিক বলছেন ল্যাঙ্গার

আইপিএল
নিকোলাস পুরান-জাস্টিন ল্যাঙ্গার, ফাইল ফটো
নিকোলাস পুরান-জাস্টিন ল্যাঙ্গার, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে বাজে ফর্মের মধ্য দিয়ে যাচ্ছেন নিকোলাস পুরান। আট ইনিংসে মাত্র ৮২ রান নিয়ে লক্ষ্মৌ সুপার জায়ান্টসের একাদশে নিজের জায়গাটাকেই প্রশ্নবিদ্ধ করে ফেলেছেন তিনি। সাথে আবার সুপার ওভারে পুরানের পরিসংখ্যান আরো করুণ। এমন অবস্থায়ও কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচের সুপার ওভারে পুরানের ওপরই আস্থা রাখেন প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার।

কোচের এই অগাধ ভরসার মান রাখতে পারেননি পুরান। সুনিল নারিনের প্রথম বলেই বোল্ড হয়ে দলকে বিপদে ফেলেন এই ক্যারিবিয়ান ব্যাটার। এ নিয়ে স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে সুপার ওভারে পুরান পাঁচ ইনিংস ব্যাট করলেন। সেখানে সুপার ওভারের মহামূল্যবান ১০ বল মোকাবেলা করে করেছেন কেবল ১ রান। এদিনও পুরানের প্রথম বলেই আউট হবার পর সুপার ওভারে ম্যাচ হেরেছে লক্ষ্মৌ। এত কিছুর পরেও পুরানকে সুপার ওভারে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্তকে সঠিক বলেই মনে করেন ল্যাঙ্গার।

‎ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে লক্ষ্মৌর প্রধান কোচ বলেন, 'আমরা জানতাম যে বোলার ছিল সুনীল নারিন, আর যদি আপনি নিকির (নিকোলাস পুরান) রেকর্ড দেখেন, সে বিশ্ব ক্রিকেটে নারিনকে অন্য যেকোনো ব্যাটসম্যানের চেয়ে বেশি খেলেছে। তাই আমরা মনে করেছি, এখনও সেরা অপশন সে।

'আমি জানি, সে এখনো তার ফর্মে নেই। নিকি (পুরান) নিজেই সেটা প্রথম স্বীকার করবে। কিন্তু আমরা ভেবেছি, যদি কেউ সুপার ওভার সামলাতে পারে, সেটা নিকোলাস পুরানই। আর আপনি তো আপনার সেরা খেলোয়াড়দের ওপরই ভরসা রাখেন, তাই না?'

‎যদিও এর আগে নারিনের বিপক্ষে দুর্দান্ত পরিসংখ্যান আছে পুরানের। মুখোমুখি লড়াইয়ে পুরানের গড় ৪৯, স্ট্রাইক রেট ১৩১। কিন্তু গত বছর দুর্দান্তু একটা মৌসুম কাটানো পুরান এবার কিছুতেই নিজের ছন্দ খুঁজে পাচ্ছেন না। রান উৎসবের আইপিএলে পুরানের স্ট্রাইক রেট মোটে ৮১.১৮। এসব কারণে পুরান যে মানসিকভাবে বেশ চাপের মধ্যে আছেন তা স্বীকার করে নিচ্ছেন ল্যাঙ্গারও।

‎ল্যাঙ্গার যোগ করেন, 'তাকে কিছুটা কষ্ট করতে হয়েছে, কিন্তু যদি আপনি সব পরিসংখ্যান দেখেন, তাহলে বোঝা যাবে, বিশ্বমানের অফ-স্পিনার সুনীল নারিনকে নিকির (পুরান) চেয়ে ভালো আর কেউ খেলতে পারে না। কিন্তু দুর্ভাগ্যবশত, সেটা কাজে লাগেনি।'

'সে এটা নিয়ে কাজ করছে, আর আশ্চর্যের বিষয় হলো, ওর মতো বড় খেলোয়াড়দের ক্ষেত্রেও, গত কয়েক বছরে বিশ্বে যার চেয়ে বড় টি-টোয়েন্টি খেলোয়াড় হয়তো আর কেউ নেই, এটাই প্রমাণ করে যে সেও মানুষ, আর আত্মবিশ্বাস জোর করে দেখানো যায় না।'

আরো পড়ুন: