রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে এ দিন এবারের আসরে দ্বিতীয়বারের মত ১৫ বলে ফিফটি হাঁকান সূর্যবংশী। ৭ ছক্কায় সাজানো তার ৭৮ রানের ইনিংসের শেষ হয় ইনিংসের নবম ওভারে ক্রুনাল পান্ডিয়ার বলে। ক্রুনালের কিছুটা খাটো লেংথের বলে টেনে লং অন অঞ্চলে খেলতে গিয়ে বাউন্ডারি লাইনে বিরাট কোহলির ক্যাচে পরিণত হন সূর্যবংশী।
এমন দুর্দান্ত ইনিংস খেলার পর এভাবে বাজে বলে আউট হওয়াটা মেনে নিতে পারছেন না শেবাগ। উত্তরসূরী সূর্যবংশীর ভূয়সী প্রশংসা করলেও এমন শটের কারণে তাকে সবসময়ই সমালোচনা করতে চান তিনি।
ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে দেয়া সাক্ষাৎকারে শেবাগ বলেন, 'আমি তাকে আক্রমণাত্মক বলব না, বরং বলব সে সবচেয়ে বিপজ্জনক ব্যাটার। আপনি রোহিত শর্মা, ইয়াশভি জয়সাওয়াল,অভিষেক শর্মা- এদের দিকে তাকান, ২৫-২৬ বলে ৭৮ রান করার মতো ব্যাটার কয়জন আছে? এমন না যে কোনো বাচ্চা তাকে বল করছে। তবে, সে যখন এমন শট খেলতে গিয়ে আউট হয়, তখন আমরাই আবার (ভবিষ্যতে) তাকে সমালোচনা করব।'
শুধু রেকর্ডবইতে নাম তোলার বাইরেও ক্রিকেটে সূর্যবংশীর আরো বড় প্রভাব দেখেন শেবাগ। শেবাগের দাবী, আইপিএল না দেখা দর্শকদেরও নিজের ব্যাটিং দিয়ে আইপিএলের প্রতি আকর্ষিত করছেন সূর্যবংশী। বিশ্ব ক্রিকেটের সেরা সব বোলারদের যেভাবে মোকাবেলা করছেন রাজস্থান রয়্যালসের এই ব্যাটার তা দারুণ উপভোগ করছেন শেবাগ।
শেবাগ আরো যোগ করেন, 'আমাদের দেশের একটা অংশ আছে যারা আইপিএল খুব বেশি দেখে না। কিন্তু সে যেভাবে খেলছে, সেই অংশের মানুষও শুধু তার ব্যাটিং দেখার জন্য ম্যাচ দেখবে। বেঙ্গালুরুর ম্যানেজমেন্ট ভেবেছিল তারা জশ হ্যাজলউডকে এনে বৈভব সূর্যবংশীকে আউট করবে। কিন্তু যখন সূর্যবংশী হ্যাজলউডকে মারছিল, তখন আমি ভাবছিলাম- "এবার মজা বুঝছো?"।'