‘সমালোচনার জবাব দিলে সমালোচকদেরই জয় হয়’, রাহানের উদ্দেশে শেবাগ

আইপিএল
আজিঙ্কা রাহানে, ফাইল ফটো
আজিঙ্কা রাহানে, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
এবারের আইপিএলে সময়টা ভালো যাচ্ছে না কলকাতা নাইট রাইডার্সের। দল সাফল্য না পাওয়ায় সমালোচনা শুনতে হচ্ছে দলটির অধিনায়ক আজিঙ্কা রাহানেকেও। এমনকি স্ট্রাইক রেট নিয়েও সমালোচিত হন তিনি। যদিও রাহানে এ নিয়ে কড়া জবাব দিয়েছেন। এদিকে রাহানের জবাব দেয়াটা পছন্দ হয়নি বীরেন্দর শেবাগের।

মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৪০ বলে ৬৭ রান পেলেও দলকে জেতাতে পারেননি রাহানে। পরের ম্যাচে ১০ বলে আট রান করে দ্রুত আউট হয়ে গেলে প্রশ্ন উঠতে শুরু করে তার খেলার ধরণ নিয়ে। বিশেষ করে তার রান তোলার গতিকে ঘিরে সমালোচনা বাড়ে, যা নিয়ে আলোচনা পৌঁছে যায় সংবাদ সম্মেলনেও।

এই প্রসঙ্গে রাহানে বলেছিলেন, 'যারা আমাকে নিয়ে কথা বলছে, তারা হয় ক্রিকেট বোঝে না, নয়তো ইচ্ছে করে সমালোচনা করছে। আমার সাফল্য অনেকের সহ্য হচ্ছে না, তাই এই ধরনের কথা বলা হচ্ছে। গত কয়েক বছর ধরে আমার রান তোলার গতি যথেষ্ট ভালো রয়েছে। আমি কীভাবে খেলছি, সেটা আমি জানি।'

এক বক্তব্যের সমালোচনা করেন শেবাগ। ভারতের বিশ্বকাপজয়ী এই ওপেনারের মতে, এসব সমালোচনার কোনো জবাবই দেয়া উচিত নয় ক্রিকেটারদের। শচিন টেন্ডুলকারের উদাহরণ টেনে আনেন তিনি।

শেবাগ বলেন, 'যদি কেউ আমার খেলার ধরন বা দ্রুত রান তোলার হার নিয়ে প্রশ্ন তোলে, তাহলে মানুষ একদিকে প্রশংসা করবে, আবার অন্যদিকে সমালোচনাও করবে। এই দুই দিককেই সমানভাবে নিতে হবে। এই ধরনের বিতর্কে জড়ানোর প্রয়োজন কী? অনেকেই মনে করেন তারা সমালোচকদের জবাব দিচ্ছেন, কিন্তু অমিতাভ বচ্চন কখনো তাঁর সমালোচকদের উত্তর দেননি।'

'শচীন টেন্ডুলকারের মতো বড় উদাহরণ আর হতে পারে না। একবার একটি সংবাদপত্রে তাঁকে নিয়ে ব্যঙ্গ করা হয়েছিল, তবুও তিনি কোনো প্রতিক্রিয়া দেননি। আপনি যদি উত্তর দেন, তাহলে সেটাই সমালোচকদের জয় হয়, আপনার নয়। তাই এসব বিষয়ে জড়িয়ে পড়ার কোনো মানে নেই।

২০২৩ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে ৩২৬ রান করেছিলেন রাহানে। স্ট্রাইক রেট ছিল ১৭২.৪৯। যদিও ২০২৪ সালের ছবিটা আলাদা, ২৪২ রান, স্ট্রাইক রেট মাত্র ১২৩.৪৭। সেই মৌসুম শেষে চেন্নাই তাকে ছেড়ে দেয়।

মেগা নিলামে তাকে দলে নেয় কলকাতা। অধিনায়কের দায়িত্বও দেয়া হয় রাহানেকে। গত আসরে কলকাতার জার্সিতে রাহানে করেন ১৩ ম্যাচে ৩৯০ রান, স্ট্রাইক রেট ১৪৭.৭৩। কেকেআরও প্লে-অফে উঠতে ব্যর্থ হয়।

পরিসংখ্যান দেখিয়ে রাহানের পক্ষ নিয়ে শেবাগ আরো বলেন, 'কাউকে আলাদা করে কিছু বলার প্রয়োজন নেই। পরিসংখ্যানই সব কথা বলে দেয়। কোনো এক দিনে একটু বেশি বল খেলা হতে পারে, তখন রান তোলার গতি কম দেখাতে পারে। বিরাট কোহলির মতো খেলোয়াড়ও সমালোচনার বাইরে নন। তাই এসব নিয়ে না ভেবে সামনে এগিয়ে যাওয়াই ভালো।'

আরো পড়ুন: