বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই

আইপিএল
আইপিএল
আইপিএল
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
উগ্রপন্থীদের হুমকির মুখে আইপিএল থেকে বাদ দেয়া হয় বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে। এরই পরিক্রমায় বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করে তৎকালীন অন্তর্বর্তীকালিন সরকার। তবে দেশে এখন নির্বাচিত সরকার রয়েছে। কদিন আগেই যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ক্রিকবাজকে জানিয়েছিলেন আইপিএলের সম্প্রচার নিষেধাজ্ঞা তারা পুনর্বিবেচনা করবেন।

এবার সদ্য দায়িত্ব নেওয়া তথ্য ও সম্প্রচারমন্ত্রী জাহির উদ্দিন স্বপন জানিয়েছেন বাংলাদেশে আইপিএল সম্প্রচারে কোনো বাধাই নেই। যদিও বাংলাদেশের কোনো টিভি চ্যানেল এখনও আইপিএল সম্প্রচারের জন্য আবেদন করেনি বলেও নিশ্চিত করেছেন তিনি। তবে যে কেউ সম্প্রচার করতে চাইলে তা ইতিবাচক হিসেবে দেখবে সরকার।

ডয়চে ভেলের বরাতে স্বপন বলেন, 'আইপিএল সম্প্রচারের জন্য কেউ আমাদের কাছে আবেদন করেনি। আমরা খেলাধুলার সঙ্গে রাজনীতি মিশাতে চাই না। বিষয়টি আমরা বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে দেখব। কোনো চ্যানেল যদি আইপিএল সম্প্রচারের জন্য আবেদন করে, আমরা ইতিবাচকভাবে বিবেচনা করব।'

স্টার স্পোর্টস আইপিএল সম্প্রচার করতে পারবে কি না জানতে চাইলে স্বপন জানিয়েছেন তাতে কোনো সমস্যা নেই। তিনি বলেন, 'আমরা কাউকে সম্প্রচার করতে বাধা দেব না। স্টার স্পোর্টস যদি আইপিএল দেখাতে চায়, তারা পারবে। আমাদের দেশের কোনো চ্যানেল চাইলে আমরা সেটিও ইতিবাচকভাবে দেখব। তবে আমরা কিছু চাপিয়ে দেব না।'

এদিকে বাংলাদেশ কেবল অপারেটরস অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক রেজাউল করিম লাবলু জানান, সরকারের কোনো নির্দেশনা না থাকায় স্টার স্পোর্টসের সম্প্রচার বন্ধের ব্যাপারে তাদের কিছু জানায়নি কেউ। তিনি বলেন, 'স্টার স্পোর্টস বাংলাদেশে আইপিএল সম্প্রচার করলে তারা করতে পারবে, কারণ আমাদেরকে এটি বন্ধ করতে কেউ বলেনি।'

তিনি আরও যোগ করেন, 'অন্তর্বর্তী সরকারের সেই নির্দেশনার কোনো কার্যকারিতা নেই। বর্তমান সরকার যদি বন্ধ করতে বলে, তখন আমরা সেটি মানব। কারণ আগের সরকারের নির্দেশনা এখন আর বহাল নেই।'

আরো পড়ুন: